নান্দাইলে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাই! 

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ০৭:৪৯

ময়মনসিংহের নান্দাইলে মন্নাফ আলী ওরফে মনির (৫৪) নামে এক চালককে হত্যা করে তার ব্যাটারি চালিত ইজিবাইকটি নিয়ে গেছে কতিপয় দুর্বৃত্ত। বুধবার (১৯ জানুয়ারি) সকালে  নান্দাইল উপজেলার চরবেতাগৈর ইউনিয়নের বড়ডোবা বিলের একটি ধান ক্ষেত থেকে ওই চালকের মৃতদেহ উদ্ধার করেছে থানা পুলিশ । বিষয়টি নিশ্চিত করেন নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান।

নিহত মনির নান্দাইল পৌরসভার কাকচর এলাকার নলুয়াপাড়া মহল্লার বাসিন্দা। তার পিতার নাম মৃত আজিম উদ্দিন।

নিহতের পরিবারের লোকজন ও থানা পুলিশ জানায়, মনির ব্যাটারি চালিত তার ইজিবাইকটি নিয়ে গত মঙ্গলবার দুপুরে পৌর শহরের  কাকচর  নলুয়াপাড়া এলাকা থেকে বের হন। এরপর সারারাতেও আর বাসায় ফেরেননি। পরদিন সকালে নান্দাইলের কানুরামপুর - ত্রিশাল সড়কের পাশে চরশ্রীরামপুর এলাকার বড়ডোবা নামক বিলের একটি ধান ক্ষেতে গলায় মাফলার পেছানো ও শরীরে কাঁদা মাখা  একটি মৃত দেহ পাওয়া যায়।  খবর পেয়ে পরিবারের লোকজন ঘটনাস্থল গিয়ে  মৃতদেহটি নিখোঁজ মনির বলে সনাক্ত করেন। অজ্ঞাত দুর্বৃত্তরা যাত্রী বেশে মনিরের ভাড়ায় চালিত ইজিবাইকে উঠে তাকে কোন এক সময় হত্যা করে ইজিবাইকটি নিয়ে গেছে বলে স্থানীয়রা ও পরিবারের লোকজন ধারণা করছেন।

নিহতের স্ত্রী কুলসুম আক্তার জানান, অন্যের ইজিবাইকটি মনির দৈনিক ভাড়ায় চালাতেন। তার স্বামী ছিল সংসারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি।  অবুঝ দুই ছেলে ও এক মেয়ে নিয়ে  তিনি দুই চোখে অন্ধকার দেখছেন। তিনি স্বামী হত্যার  সুষ্ঠু বিচার চান। 

এ বিষয়ে নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান  বলেন, মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে। 

 

ইত্তেফাক/ ইআ