আইসিসির বর্ষসেরা দলে আধিপত্য নিয়ে সাকিবের প্রতিক্রিয়া

আপডেট : ২০ জানুয়ারি ২০২২, ১৬:১৬

এই প্রথমবার আইসিসির বর্ষসেরা কোনো দলে বাংলাদেশ থেকে সর্বোচ্চ ৩ জন ক্রিকেটার সুযোগ পেয়েছেন। তারা হলেন- সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মুস্তাফিজুর রহমান। তিন জনই বিগত ২০২১ সালের বর্ষসেরা ওয়ানডে একাদশে জায়গা করে নিয়েছেন।

সাকিবের মতে, ওয়ানডে ফরম্যাটে বাংলাদেশ যে ভালো দল হয়ে উঠেছে তারই প্রমাণ আইসিসির এই স্বীকৃতি। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) প্রকাশিত এই দলের অধিনায়ক করা হয়েছে পাকিস্তানের বাবর আজমকে। আর উইকেটকিপারের দায়িত্বে থাকবেন মুশফিকুর রহিম। ওয়ানডে ছাড়াও বর্ষসেরা টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন কাটার মাস্টার মুস্তাফিজ।

আগামীকাল শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) অষ্টম আসর। সেটিকে সামনে রেখে আজ মিরপুরে অনুশীলনে ব্যস্ত ছিলেন সাকিব আল হাসান। সাংবাদিকদের মাধ্যমে সেখানেই জানতে পারেন বর্ষসেরা দলে সুযোগ পাওয়ার ব্যাপারে।

তখন এক প্রতিক্রিয়ায় বিশ্বসেরা অলরাউন্ডার বলেন, ‘আলহামদুলিল্লাহ! আইসিসি থেকে স্বীকৃতি পেলে তো ভালোই লাগে। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুবই ভালো খবর। বেশ কয়েক বছর ধরে আমরা ওয়ানডেতে ভালো দল। দেশ এবং দেশের বাইরেও এখন আমরা ভালো দল। এটা তারই একটা স্বীকৃতি। বাংলাদেশ ওয়ানডেতে ভালো ক্রিকেট খেলছে।’

এক নজরে আইসিসি বর্ষসেরা ওয়ানডে একাদশ

পল স্টার্লিং, জনেমান মালান, বাবর আজম (অধিনায়ক), ফখর জামান, রাসি ভ্যান ডের ডুসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম (উইকেটকিপার), ওয়ানিন্দু হাসরাঙ্গা, মুস্তাফিজুর রহমান, সিমি সিং ও দুষ্মন্ত চামেরা।

ইত্তেফাক/টিএ