ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপ-সহকারী কর্মকর্তাদের (তহশিলদার) বেতন স্কেলের উন্নীতের স্থগিতাদেশ প্রত্যাহার করার দাবিতে সুনামগঞ্জে কালো ব্যাজ ধারণ করেছেন ভূমি কর্মকর্তারা।
বৃহস্পতিবার (২০ জানুয়ারি) সকালে সুনামগঞ্জ পৌর শহরের সদর ইউনিয়ন ভূমি অফিস প্রাঙ্গণে কালো ব্যাজ ধারণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভূমি অফিসার্স কল্যাণ সমিতি জেলা শাখার সহসভাপতি মো. নূর আলী, সাধারণ সম্পাদক মো. কামাল হোসেন প্রমুখ।
ভূমি অফিসার্স কল্যাণ সমিতির ব্যানারে গত সোমবার (১৭ জানুয়ারি) থেকে বৃহস্পতিবার (২০ জানুয়ারি) পর্যন্ত চারদিনব্যাপী এ কর্মসূচি পালন করা হয়। এ সময় তারা বকেয়া বেতন ভাতা পরিশোধ ও বিধিমালা ২০২১ অনুযায়ী নিয়োগ ও পদোন্নতির দাবি জানান।
সুনামগঞ্জ জেলার ৩৪টি ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা এ কর্মসূচি পালন করেন।
প্রসঙ্গত, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর অনুমোদনক্রমে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা ও ভূমি উপসহকারী কর্মকর্তাদের হালনাগাদ বেতন স্কেল উন্নীত করে ২০১০ সালের ৩ জুন গেজেটে প্রকাশিত হয়। ২০১৩ সালের ২৫ জুলাই ভূমি মন্ত্রণালয়ের এক গেজেটে ওই বেতন স্কেল স্থগিত করা হয়। এরপর থেকে বিষয়টির আর অগ্রগতি হয়নি।
