করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকিতেও কুষ্টিয়া জেলায় মানা হচ্ছে না বিধিনিষেধ| এই ক্রমবর্ধমান করোনা সত্ত্বেও শহরের প্রাণকেন্দ্রে কুষ্টিয়া হাই স্কুলের মাঠে মাসব্যাপী বাণিজ্য মেলার চূড়ান্ত আয়োজনে চরমভাবে উদ্বিগ্ন শহরবাসী| জেলা প্রশাসনের অনুমোদন ছাড়াই বাণিজ্য মেলার আয়োজনে সচেতন মহলে উঠেছে নানা প্রশ্ন|
খোঁজ নিয়ে জানা যায়, কুষ্টিয়া হাই স্কুলের বিশাল মাঠের চারদিক জুড়ে নির্মাণ করা হয়েছে শতাধিক স্টল| দর্শক দৃষ্টি ও মেলার আকর্ষণ বাড়াতে মাঠের মাঝখানে রঙিন বাতির সুউচ্চ টাওয়ার, পানির ফোয়ারাসহ নির্মিত হয়েছে নানা স্থাপনা| এছাড়া ইট বিছিয়ে অভ্যন্তরীণ রাস্তাসহ স্টল নির্মাণের ফলে খেলার মাঠটি পরিণত হয়েছে বিপণিবিতানে| স্কুল কর্তৃপক্ষ মাঠ ব্যবহারের অনুমতি দিচ্ছে বলে রয়েছে অভিযোগ| ফলে মাঠটি ব্যবহার করতে না পেরে স্কুলের শিক্ষার্থীরা খেলাধুলা থেকে বঞ্চিত হচ্ছে| এতে স্কুলের শিক্ষার্থীসহ শহরের সচেতন মহল চরমভাবে উদ্বিগ্ন|
বাণিজ্য মেলার আয়োজনে এখনো কোনো অনুমোদন দেওয়া হয়নি বলে কুষ্টিয়া জেলা প্রশাসন সূত্র জানিয়েছে| ২০ জানুয়ারি এ বাণিজ্য মেলা চালু করা হবে বলে আয়োজকরা জানিয়েছে| ওমিক্রন ঊর্ধ্বগতিসহ করোনা সংক্রমণ ঊর্ধ্বগতির ভয়ানক পরিস্থিতিতে মেলা চালু করা হলে এ জেলার মানুষ করোনা সংক্রমণের চরম ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা সচেতন মহলের|
নাগরিক কমিটির সভাপতি ও কুষ্টিয়া মেডিক্যাল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক এস এম মুস্তানজিদ জানান, করোনা সংক্রমণের ঊর্ধ্বগতি পরিস্থিতিতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মানতে হবে| সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ রফিকুল আলম টুকু জানান, করোনার ঊর্ধ্বগতিতে মেলার আয়োজন কোনোভাবেই সমর্থনযোগ্য নয়| এ বিষয়ে তিনি প্রশাসনের হস্তক্ষেপ দাবি করেন|
ঢাকায় অনুষ্ঠিত ডিসি সম্মেলনে যোগদান করায় কুষ্টিয়ার জেলা প্রশাসক মো. সাইদুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি| তবে স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপ-সচিব) ও ডিসির দায়িত্বপ্রাপ্ত মৃণাল কান্তি দে জানান, কুষ্টিয়ায় বাণিজ্য মেলার আয়োজনে জেলা প্রশাসনের পক্ষে কোনো অনুমোদন দেওয়া হয়নি| বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান|
