মাস্ক না পরে রাস্তায় বেরলো পুলিশ ধরবে। এই ভয়ে কলাপাতা দিয়ে মাস্ক বানিয়ে মুখে পরেছেন এক ব্যক্তি। এমন কাণ্ড দেখে হতবাক পুলিশ। তবে শেষমেশ রক্ষা হয়নি ওই ব্যক্তির। তাকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বৃহস্পতিবার (২০ জানুয়ারি) ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জীবন তলার ওই ব্যক্তি সাইকেল নিয়ে বেরিয়েছিলেন বাজার করতে। এরপর শুনলেন বাজারে পুলিশ আছে, মাস্ক না থাকলে শাস্তি দেওয়া হচ্ছে। তাই রাস্তার পাশে একটি কলা গাছ থেকে এক টুকরো পাতা ছিঁড়ে নিয়ে সুতো দিয়ে লাগিয়ে দেন নিজের নাকে-মুখে।
এই ঘটনায় হতবাক জীবনতলা থানার ওসি সমরেশ ঘোষ। এদিকে ইতোমধ্যে কলাপাতা পরা মাস্ক এর ছবি ভাইরাল হয়েছে নেট দুনিয়ায়।
দেশটির সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল থেকে করোনা প্রতিরোধে সক্রিয় জীবনতলা থানার পুলিশ। থানা এলাকার বিভিন্ন মোড়ে সাধারণ মানুষকে সচেতন করতে মাইকিং, মাস্ক প্রদান এমনকি পুলিশের বিধিনিষেধ উপেক্ষা করায় বেপরোয়াদের গ্রেফতার করে জীবনতলা থানার কর্মকর্তারা।
জানা যায়, জীবনতলা-ধুড়ি রাস্তার উপর তখন পুলিশি ধরপাকড় চলছে। উপস্থিত ছিলেন স্বয়ং জীবনতলা থানার ওসি সমরেশ ঘোষ। হঠাৎই কলাপাতা মুখে ঢেকে সাইকেল নিয়ে সেই রাস্তায় দেখা গেলো এক ব্যক্তিকে। তাকে দেখে প্রথমে তো বাকরুদ্ধ পুলিশ। জিঞ্জাসাবাদে ওই ব্যক্তি জানান তার নাম নাসিম সেখ। বাবার নাম খয়রুল সেখ। বাড়ি থানা এলাকারই মেহেরগড়ে। কাজে রাস্তায় বেরিয়েছিলেন। তবে মাস্ক মুখে দিতে ভুলে গিয়েছিলেন। পুলিশি ধরপাকড় দেখে তড়িঘড়ি রাস্তার পাশে কলাগাছ থেকে পাতা কেটে তাই দিয়ে মুখ ঢাকেন।
পুলিশ তার কাছে জানতে চাইলে নাসিম সেখ জানান, আশেপাশে কোনও মাস্কের দোকান নেই। পুলিশের ভয়েই তিনি কলাপাতার মাস্ক বানিয়ে পরে নিয়েছেন। তবে এরপরও পুলিশ তাকে আটক করে। পরে অবশ্য বেল বন্ডে সই করিয়ে তাকে ছেড়ে দেওয়া হয় বলে পুলিশ সূত্রে খবর।

