রাজশাহীর বাঘায় গরু বহনকারী ভটভটি উল্টে নুরুজ্জামান নামে এক ব্যক্তি নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে সিদ্দিক আলী ও বকুল নামে ২ ব্যক্তি।
শুক্রবার (২১ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় উপজেলার চন্ডিপুর তিনখুটি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাঘা উপজেলার চন্ডিপুর গরুহাট থেকে একটি ভটভটিতে গরু লোড করে ঈশ্বরদী যাচ্ছিল বাঘা উপজেলার সরের হাট গ্রামের আনার আলীর ছেলে গরু ব্যবসায়ী সিদ্দিক আলী (৫০) এবং পার্শ্ববর্তী লালপুর উপজেলার দুড়দুড়িয়া গ্রামের মোবার প্রামাণিকের ছেলে গরু ব্যবসায়ী নুরুজ্জামান (৬০) এবং একই উপজেলার বিলমাড়িয়া গ্রামের শাজাহান আলীর ছেলে বকুল (৪৫)। পথিমধ্যে ভটভটি বাঘা সীমানার তিন খুঁটি নামক স্থানে পৌঁছালে একটি ট্রাককে সাইড দিতে গিয়ে উল্টে যায়। আহতদের স্থানীয় লোকজন উদ্ধার করে স্থানীয় বাঘা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক রিফাত চৌধুরী নুরুজ্জামানকে মৃত ঘোষণা করেন এবং অপর দু’জনকে উন্নত চিকিৎসার জন্য রামেক হাসপাতালে রেফার করা হয়। এদের মধ্যে সিদ্দিক আলীর অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বাঘা থানা অফিসার ইনচার্জ (ওসি) সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
