দীর্ঘদিন পর আজ (২১ জানুয়ারি) প্রতিযোগিতামূলক ক্রিকেটে ব্যাট করতে নেমেছেন তামিম ইকবাল। আর তাতে শুরুটা ধীর হলেও শেষ দিকে তা পুষিয়ে নেন। তুলে নেন অর্ধশত রান। এতে ভর করে খুলনা টাইগার্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৮৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করিয়েছে মিনিস্টার ঢাকা। জিততে হলে খুলনাকে করতে হবে ১৮৪ রান।
এদিন, টস হেরে ব্যাটিং করতে নেমে দারুণ শুরু এনে দেন ঢাকার দুই ওপেনার তামিম ইকবাল ও মোহাম্মদ শেহজাদ। তাদের ওপেনিং জুটি থেকে আসে ৮.১ ওভারে ৬৯ রান। ২৭ বলে ৪২ রানের ঝড়ো ইনিংস খেলে আউট হয়ে ফিরে যান আফগান তারকা শেহজাদ। এরপর নাঈম শেখকে জুটি গড়ে তুলেন তামিম। কিন্তু দলীয় ১০৯ রানের মাথায় ব্যক্তিগত ৫০ রান বা অর্ধশত পূর্ণ করে প্যাভিলিয়নের পথ ধরেন তামিম ইকবার।
এরপর টানা বেশ কয়েকটি উইকেট পড়ে যায়। মনে হচ্ছিল হয়তো রান ১৫০- ও করতে পারবে না ঢাকা। তবে শেষ দিকে অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদের ২০ বলে ৩৯ রানের ক্যামিও ইনিংসের ওপর ভর করে ১৮৩ রানের বিশাল সংগ্রহ দাঁড় করাতে সক্ষম হয় রাজধানীর দলটি।
খুলনার পক্ষে সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেছেন পেসার কামরুল ইসলাম রাব্বি। এছাড়া একটি উইকেট নেন থিসারা পেরেরা। অন্য দুটি রানআউট ছিল।
