শিক্ষামন্ত্রীর সঙ্গে অনলাইনে আলোচনা করতে চান শাবি শিক্ষার্থীরা

আপডেট : ২১ জানুয়ারি ২০২২, ২২:১৫

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চলমান পরিস্থিতি সম্পর্কে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সঙ্গে অনলাইনে আলোচনায় বসতে চান আন্দোলনকারী শিক্ষার্থীরা।

শুক্রবার (২১ জানুয়ারি) রাতে আন্দোলনকারীদের পক্ষ থেকে এ বিষয়টি সাংবাদিকদের জানানো হয়।

তারা বলেন, আমরা শিক্ষামন্ত্রীর সাথে আলোচনায় বসতে আগ্রহী। যেহেতু আমাদের অনশনরত অনেক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে, তাই আমরা তাদের রেখে ঢাকায় যেতে পারি না৷ আমরা আশা করবো শিক্ষামন্ত্রী আমাদের এখানে আসবেন এবং বর্তমান পরিস্থিতি তিনি দেখবেন এবং আলোচনা করবেন।

এসময় আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল শিক্ষার্থীদের বলেন, শিক্ষামন্ত্রী আপনাদের এখানে আসতে চান, কিন্তু ব্যক্তিগত কারণে তিনি দুই-একদিনের মধ্যে আসতে পারবেন না। তিনি শাবিতে আসার ইচ্ছা ব্যক্ত করেছেন। তবে শিক্ষার্থীদের প্রতিনিধিদল এখন ঢাকায় গেলে তিনি আলোচনায় বসতে পারবেন বলে জানিয়েছেন।

এসময় শিক্ষার্থীরা বলেন, আমাদের অনেকেই লাগাতার আন্দোলনে অংশ নিয়ে অসুস্থ হয়ে পড়েছে। এখন আমরা চাই আমাদের দাবিদাওয়া মেনে নিয়ে বর্তমান পরিস্থিতির দ্রুত সমাধান হোক। এই অবস্থায় ঢাকায় যাওয়া সম্ভব নয়। আমরা অনলাইনে আলোচনায় বসতে চাই।

সর্বশেষ সিদ্ধান্ত অনুযায়ী শাবি শিক্ষার্থীরা শিক্ষামন্ত্রীকে সিলেটে আসার অনুরোধ জানিয়েছেন। সেটি সম্ভব না হলে দ্রুত অনলাইনে আলোচনায় বসতে চান তারা।

জানা যায়, দুপুর ২টা ২০ মিনিটের দিকে শফিউল আলম চৌধুরী নাদেলের নেতৃত্বে আওয়ামী লীগের এক প্রতিনিধি দল আন্দোলনকারীদের সাথে আলোচনার প্রস্তাব দেন। কিন্তু তারা কেবল উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের ভিত্তিতেই আলোচনায় বসবেন বলে জানান৷ এ সময় উপাচার্যকে বাইরে আসতে দেয়ার ব্যাপারে জানতে চাইলে শিক্ষার্থীরা বলেন, হয় উপাচার্যকে পদত্যাগ করতে হবে নয়তো শিক্ষার্থীদের লাশের ওপর দিয়ে যেতে হবে।

পরে  শফিউল আলম চৌধুরী নাদেলের মধ্যস্থতায় শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির সাথে আলোচনায় বসতে রাজি হলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী শিক্ষার্থীরা। শিক্ষামন্ত্রী শাবির আন্দোলনকারীদের একটি প্রতিনিধিদলকে ঢাকা যাবার আহ্বান জানালেও, শিক্ষার্থীদের অভ্যন্তরীণ আলোচনায় ঢাকা না যাবার সিদ্ধান্ত হয়।

ইত্তেফাক/এসটিএম