ভারতে করোনা: একদিনে ৩ লাখ ৩৭ হাজার শনাক্ত

আপডেট : ২২ জানুয়ারি ২০২২, ১৩:১৯

ভারতে করোনাভাইরাসের তৃতীয় ঢেউয়ের প্রভাবে কোনোভাবেই কমছে না সংক্রমণের সংখ্যা। গত ২৪ ঘণ্টার হিসেবে দেশটিতে  ৩ লাখ ৩৭ হাজার ৭০৪ জনের শরীরে প্রাণঘাতী এই ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৭ দশমিক ২২ শতাংশ। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, শনিবার (২২ জানুয়ারি) সকাল পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে মৃত্যু হয়েছে ৪৮৮ জনের। ভারতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ লাখ ৮৮ হাজার ৮৮৪ জনে।

এর আগের দিন ২৪ ঘণ্টায় দেশটিতে ৩ লাখ ৪৭ হাজার ২৫৪ জনের দেহে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছিল। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৯৪ শতাংশ। দেশটিতে এ পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৩ কোটি ৮৯ লাখ ৩ হাজার ৭৩১ জনে। এদের মধ্যে এ পর্যন্ত সুস্থ হয়েছে ৩ কোটি ৬৩ লাখ ১ হাজার ৪৮২ জন।

এদিকে, ভারতে করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রনের সংক্রমণও বাড়ছে। শনিবার সকাল পর্যন্ত দেশটিতে করোনার এই ধরনে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০ হাজার ৫০ জনে। যাদের বেশিরভাগই মহারাষ্ট্রের বাসিন্দা।

ইত্তেফাক/টিআর