অস্কার রিমাইন্ডার লিস্টে জায়গা পেল ‘দ্য গ্রেভ’

আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১০:৩৮

আগামী ২৭ মার্চ বসতে যাচ্ছে চলচ্চিত্রের সবচেয়ে সম্মানজনক পুরস্কার অস্কারের ৯৪তম আসর। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে ক্যালিফোর্নিয়ার ডলবি থিয়েটারে মোট ২৪টি শাখায় দেওয়া হবে এই পুরস্কার। এ লক্ষ্যে আগামী ৮ ফেব্রুয়ারি ঘোষণা করা হবে অস্কারের চূড়ান্ত মনোনয়ন তালিকা।

তবে এর আগে অস্কার কর্তৃপক্ষ ঘোষণা করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস প্রতিযোগিতার জন্য ২৭৬টি সিনেমার নাম। যে তালিকায় স্থান পেয়েছে বাংলাদেশি সিনেমা ‘দ্য গ্রেভ’। সিনেমাটি অস্কার রিমাইন্ডার লিস্টে জায়গা করে নিয়েছে। ২৭৬টি সিনেমার সঙ্গে এটি ১২টি প্রতিযোগিতায় অংশ নেবে। 

এ প্রসঙ্গে সিনেমাটির নির্মাতা ও অভিনেতা গাজী রাকায়েত বলেন, ‘ভোটাভুটির জন্য সিনেমাটি নির্বাচিত হয়েছে। সারাবিশ্বে অস্কারের ১০ হাজার ভোটার রয়েছেন। প্রত্যেকটা ভোটারের কাছে এই ছবিগুলো ব্যালট আকারে পৌঁছে যাবে। যারা সর্বোচ্চ ভোট পাবে তারা পুরস্কারের জন্য মূলপর্বে অংশ নেবে। আমার জানা মতে, বাংলাদেশ থেকে এর আগে এতটা উঁচুতে কোনো সিনেমা পৌঁছাতে পারেনি। এছাড়া সিনেমাটি আরো একটা সম্ভাবনা তৈরি করলো যে, এর ফলে বাংলাদেশের দু-একজন অস্কার ভোটার হিসেবে যুক্ত হতে পারেন। সব মিলিয়ে এই অনুভূতিটা দারুণ লাগছে।’

গাজী রাকায়েত আরও জানান, ভোটাভুটির মাধ্যমে সেরা ছবির জন্য ১০টিসহ প্রায় ২০টি ক্যাটাগরিতে ৫টি করে সিনেমা মনোনয়ন পাবে। অর্থাৎ রিমাইন্ডার লিস্টের ২৭৬টি থেকে প্রায় ১২০টি সিনেমা চূড়ান্ত মঞ্চে দেখা যাবে।

উল্লেখ্য, বাংলাদেশ থেকে এর আগে বহুবার অস্কার পুরস্কারের বিদেশি ভাষার সিনেমার জন্য চলচ্চিত্র পাঠানো হয়েছিল। তবে প্রয়াত তারেক মাসুদের ‘মাটির ময়না’ ছাড়া মনোনয়ন পায়নি কোনোটিই। এবার বাংলাদেশিদের জন্য সুখবর বয়ে আনলো গাজী রাকায়েতের ‘দ্য গ্রেভ’।

গাজী রাকায়েত নির্মিত বাংলাদেশের প্রথম পূর্ণদৈর্ঘ্য ইংরেজি ছবি ‘দ্য গ্রেভ’। সরকারি অনুদানের এই সিনেমাটিতে অভিনয়ের পাশাপাশি কাহিনি, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন গাজী রাকায়েত

ইত্তেফাক/ ইআ