মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরে কর্মকর্তা-কর্মচারীর ১০৩ পদ শূন্য

আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ১৩:২১

মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে প্রয়োজনীয় সংখ্যক লোকবলের অভাবে সম্প্রসারণ কাজ অনেকাংশে ব্যাহত হচ্ছে। বর্তমানে জেলার ৫টি উপজেলায় ১০৩ কৃষি কর্মকর্তা ও কর্মচারীর পদ শূন্য রয়েছে। এদিকে লোকবলের সংকট থাকা সত্ত্বেও লোক নিয়োগের তেমন উদ্যোগ পরিলক্ষিত হচ্ছে না। 

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রথম শ্রেণির কর্মকর্তাদের মধ্যে অতিরিক্ত উপ-পরিচালকের শস্য, পিপি ও উদ্যানের ৩টি পদ, অতিরিক্ত কৃষি অফিসার ও কৃষি সম্প্রসারণ অফিসারের ৫টি পদ দীর্ঘদিন যাবত শূন্য রয়েছে। মঞ্জুরীকৃত ২২টি পদের মধ্যে ৮টি পদই শূন্য থাকায় বিভাগীয় কাজ অনেকাংশে ব্যাহত হচ্ছে। দ্বিতীয় শ্রেণির কর্মকর্তার মঞ্জুরীকৃত ১৮৫ পদের মধ্যে ৬৮টি পদ বর্তমানে শূন্য। এরমধ্যে একমাত্র উপ-সহকারী কৃষি কর্মকর্তার (এসএএও) ৬৫টি পদ রয়েছে। 

তৃতীয় শ্রেণির ১২টি শূন্যপদের মধ্যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের ৮ পদ এবং প্রধান সহকারী, ব্যক্তিগত সহকারী, ক্যাশিয়ারের ৪টি পদ বর্তমানে শূন্য। চতুর্থ শ্রেণির ১৫টি শূন্যপদের মধ্যে রয়েছে স্পেয়ার মেকানিক, মোকাদ্দম (পিপিএম), অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী (গার্ড) ও গার্ডেনার। 

মাদারীপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. মোয়াজ্জেম হোসেন জেলার নবসৃষ্ট ডাসার উপজেলাসহ ৫টি উপজেলায় প্রথম শ্রেণির ৮টি, দ্বিতীয় শ্রেণির ৬৮টি, তৃতীয় শ্রেণির ১২টি এবং চতুর্থ শ্রেণির ১৫টি কর্মকর্তা-কর্মচারীর পদ বর্তমানে শূন্য রয়েছে। শূন্যপদের তালিকা বিভাগীয় উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানান হয়েছে বলেও তিনি জানান। কৃষি সংশ্লিষ্ট ব্যক্তিবর্গসহ এলাকার কৃষিজীবীমহল জেলার কৃষি বিভাগে শূন্যপদে কর্মকর্তা-কর্মচারী নিয়োগের আবেদন জানিয়েছেন। 

ইত্তেফাক/ ইআ