সাহিত্য সংস্কৃতি নিয়ে চিন্তা চেতনার মানুষ উমর ফারুক। তুখোড় সাংবাদিক ও কথাসাহিত্যিক উমর ফারুক গীতিকার হিসেবেও এগিয়ে নিচ্ছেন তার ক্যারিয়ার। লিখছেন নতুন নতুন গান। গাইছেন এ প্রজন্মের অনেক তারকা শিল্পী। আকাশ সংস্কৃতির আগ্রাসন থেকে বাংলা গানকে রক্ষা করতে আরও ভালো গান প্রয়োজন বলে তিনি মনে করেন।
সময়ের সাথে গান শোনার শ্রোতা কমেছে বলে তিনি বিশ্বাস করেন না। ভাল গান হলে শ্রোতারা অবশ্যই লুফে নিবেন এমনটাই মনে করেন তিনি। একান্ত আলাপচারিতায় সাংবাদিক, কথাসাহিত্যিক, নাট্যকার ও গীতিকার উমর ফারুক এ সব কথা বলেন।
তিনি জানান, নতুন অ্যালবামের কাজ চলছে। গান লেখা ও সুরের কাজ শেষ হয়েছে। চলছে মিউজিক কম্পোজ ও রেকডিংয়ের কাজ। ইতোমধ্যে কয়েকটি গানের রেকডিং শেষ হয়েছে। নতুন এ অ্যালবামের ৬ টি গানের কন্ঠ দিচ্ছেন বাংলাদেশ বেতার রংপুরের নিয়মিত কন্ঠশিল্পী মজনু হাসান। এ অ্যালবাম শ্রোতাদের মন জয় করবেন বলে বিশ্বাস করেন এই গীতিকার।
ইতোমধ্যে গীতিকার উমর ফারুক লেখা ও কন্ঠশিল্পী ভানুর কণ্ঠে ‘প্রেমের কবিতা’ অ্যালবামটি এস এস মিউজিক থেকে প্রকাশিত হয়েছে। এই অ্যালবামটি শ্রোতাপ্রিয়তাও পেয়েছে। এছাড়াও তিনি অসংখ্য গান লিখেছেন। ধারবাহিকভাবে গানগুলো প্রকাশিত হবে।
এবিষয়ে জানতে চাইলে গীতিকার উমর ফারুক বলেন, দেশের বিভিন্ন মনোরম লোকেশনে নতুন গানগুলোর মিউজিক ভিডিওর দৃশ্যধারন করা হবে। সময়ের সাথে শ্রোতাদের চাহিদার বিষয়ে মাথায় রেখে গানগুলো লেখা হয়েছে। খুব সহজেই শ্রোতাদের হৃদয়ে ঠাই করে নেবে গানগুলো।
