'অনুশীলন টাইগার লাইটনিং ৩'-এর পরিকল্পনাবিষয়ক সেমিনার অনুষ্ঠিত

আপডেট : ২৩ জানুয়ারি ২০২২, ২১:৫৭

অনুষ্ঠিতব্য 'অনুশীলন 'টাইগার লাইটেনিং-৩' এর চূড়ান্ত পরিকল্পনা প্রণয়নে মিলিত হয়েছেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী প্রতিনিধি দল। রবিবার (২৩ জানুয়ারি) রাজেন্দ্রপুরে অবস্থিত বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিং (বিপসট)-এ সেমিনারটি আয়োজিত হয়।

তিনদিন ব্যাপী অনুষ্ঠিতব্য এই সেমিনারে ইউএস আর্মি প্যাসিফিক কমান্ড এর ১১ জন প্রতিনিধি এবং সেনাসদর ও বিপসট এর  পদস্থ সামরিক কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। সেমিনারটি আগামী ২৫ জানুয়ারি শেষ হবে। 

২০১৭ সাল থেকে যুক্তরাষ্ট্র এবং বাংলাদেশ সেনাবাহিনী যৌথভাবে 'অনুশীলন টাইগার লাইটেনিং' পরিচালনা করে আসছে। টাইগার লাইটেনিং-১ ও ২ যথাক্রমে ২০১৭ এবং ২০২১ এ মার্কিন যুক্তরাষ্ট্রের জয়েন্ট বেস লুইস ম্যাকর্ড, ওয়াশিংটন এ অনুষ্ঠিত হয়। 

এরই ধারাবাহিকতায় 'অনুশীলন টাইগার লাইটেনিং-৩' আগামী ১৯-৩১ মার্চ ২০২২ তারিখ রাজেন্দ্রপুর সেনানিবাসে অনুষ্ঠিত হবে। এই যৌথ অনুশীলন পরিচালনার মাধ্যমে দু'দেশের সেনাবাহিনীর মধ্যকার বিদ্যমান সুসম্পর্ক আরও এক ধাপ এগিয়ে যাবে বলে আশা করা যায়।

ইত্তেফাক/এএইচপি