শাবির আন্দোলনে সংহতি জানিয়ে ঢাবিতে শিক্ষকদের প্রতীকী অনশন

আপডেট : ২৫ জানুয়ারি ২০২২, ০১:৩৭

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে এবার প্রতীকী অনশন করেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল শিক্ষকদের সংগঠন বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক।

সোমবার (২৪ জানুয়ারি) দুপুর ১২টা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে প্রতীকী অনশনে বসেন সংগঠনটির শিক্ষকরা। বিকেল ৩টা পর্যন্ত এই কর্মসূচি পালন করেন তারা।

প্রতীকী এই অনশনে অংশ নিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক আনু মুহাম্মদ, একই বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক রেহনুমা আহমেদ, একই বিভাগের অধ্যাপক সাঈদ ফেরদৌস,  ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. কামরুল হাসান, একই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক মোহাম্মদ তানজীমউদ্দিন খান, হিসাব বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোশাহিদা সুলতানা, উন্নয়ন অধ্যয়ন বিভাগের কাজী মারুফুল ইসলাম, ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক তাসনীম সিরাজ মাহবুব, সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক কাজলী শেহরীন ইসলাম, অর্থনীতি বিভাগের সহকারী অধ্যাপক রুশাদ ফরিদীসহ আরও কয়েকজন। 

এ সময় বিভিন্ন প্ল্যাকার্ড দেখা যায় অনশনরত শিক্ষকদের হাতে, প্ল্যাকার্ড লেখা আছে- ‘শিক্ষার্থীদের মানবিক মর্যাদা নিশ্চিত কর’; ‘এখানে কেউ নেই ঐ নামে’; ‘অবিলম্বে শাবিপ্রবি উপাচার্যের অপসারণ কর’; ‘শাবিপ্রবি ভিসির অপসারণ চাই’; ‘তোমার যোগ্য প্রতিনিধি দেশে গড়েছে শ্মশান’; ‘শিক্ষার্থীদের তাজা প্রাণের বিনিময়ে উপাচার্যের গদি রক্ষা নয়’।

প্রসঙ্গত, শাবি উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে চলমান আন্দোলনের মাঝে গত বুধবার থেকে আমরণ অনশনে আছেন শাবিপ্রবির শিক্ষার্থীরা। গত পাঁচদিনের টানা অনশনে অসুস্থ হয়ে পড়েছেন অনেক শিক্ষার্থী। হাসপাতালেও ভর্তি হয়েছেন কেউ কেউ।

ইত্তেফাক/এসটিএম