সুনামগঞ্জে ফসল রক্ষা বাঁধকে কেন্দ্র করে দুর্নীতির মহোৎসব চলছে বলে অভিযোগ করেছেন 'হাওর বাঁচাও, সুনামগঞ্জ বাঁচাও' আন্দোলনের নেতারা। বাঁধের কাজ নিয়ে প্রশাসনের দেয়া তথ্যের সাথে বাস্তবিক কোন মিল পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ করেন তারা।
সোমবার (২৪ জানুয়ারি) দুপুরে সুনামগঞ্জ পৌর শহরের মুক্তারপাড়ায় এক সংবাদ সম্মেলনে বাঁধ নির্মাণের কাজ দ্রুত সম্পন্ন করার দাবি জানান সংগঠনটির সদস্যরা।
সংগঠনের সভাপতি ইয়াকুব বখত বহলুলের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক বিজন সেন রায়, যুগ্ম-সাধারণ সম্পাদক সালেহীন চৌধুরী শুভ, প্রচার সম্পাদক আনোয়ারুল হক, সুনামগঞ্জ জেলা কমিটির সহ-সভাপতি মোদাচ্ছির আলম শুভল প্রমুখ।
লিখিত বক্তব্যে তারা অভিযোগ করেন, এবারের বাঁধের কাজে শুরু থেকেই একধরনের খামখেয়ালিপনা দেখা যাচ্ছে। মাঠপর্যায়ে গণশুনানি করে প্রকল্প নির্ধারণ ও পিআইসি গঠনের দাবি থাকলেও সেটি করা হয় নি। স্থানীয়ভাবে প্রভাবশালী ও রাজনৈতিক ব্যক্তিদের প্রভাবে পিআইসি গঠন করা হয়েছে। এতে প্রশাসন ও পাউবো কর্মকর্তাদের যোগসাজেশ রয়েছে।
'শাল্লা উপজেলায় ফসল রক্ষা বাঁধের প্রকল্প গ্রহণে অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদ করায় বাহারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিশ্বজিৎ চৌধুরী নান্টুর বিরুদ্ধে মামলা হয়েছে। অনিয়ম ও দুনীতির অভিযোগ এনে দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ দাখিল করেছেন রফিনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জাহাঙ্গীর চৌধুরী। সব মিলিয়ে বাঁধ নির্মাণকে কেন্দ্র করে দুনীর্তির মহোৎসব চলছে।'—এমনটাই দাবি করেন তারা।
প্রসঙ্গত, সুনামগঞ্জে হাওরে ফসল রক্ষা বাঁধ নির্মাণের নির্ধারিত সময়সীমা ১৫ ডিসেম্বর থেকে ২৮ ফেব্রুয়ারি। জেলার ১১টি উপজেলায় এবার ৫২০ কিলোমিটারে ফসল রক্ষা বাঁধ মেরামত ও নির্মাণ হবে। এ পর্যন্ত ৭০১টি প্রকল্প নির্ধারণ করা হয়েছে। এসব প্রকল্পে প্রাক্কলন ধরা হয়েছে ১১৭ কোটি ৬৬ লাখ টাকা।
