শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন এখন দেশজুড়ে আলোচনার শীর্ষে। দাবি আদায়ে অনশনে বসেছেন ২৮ জন শিক্ষার্থী। পাশাপাশি অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিলও চলছে। এবার শিক্ষার্থীদের এই আন্দোলনে সংহতি জানাতে শাবিতে আসছেন অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) দিবাগত মধ্যরাতের দিকে শাবি ক্যাম্পাসে আসতে পারেন শাবির অবসরপ্রাপ্ত এই অধ্যাপক। এদিন রাত ১১টার দিকে বিষয়টি জানিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীদের মুখপাত্র নওরীন জামান। আন্দোলনরত শিক্ষার্থীদের পক্ষে তিনি জানান, অধ্যাপক জাফর ইকবাল ইতোমধ্যেই ঢাকা থেকে রওনা হয়েছেন। তবে কয়টা নাগাদ তিনি শাবিতে পৌঁছাবেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘনিষ্ট একটি সূত্র জানিয়েছে, জাফর ইকবালের সঙ্গে তার স্ত্রী অধ্যাপক ইয়াসমিন ইকবালও শাবিতে আসছেন।
এর আগে মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় উপাচার্যের বাসভবনের ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা বলেন, অনশনরত শিক্ষার্থীরা অনশন না ভেঙেই আন্দোলন চালিয়ে যাবেন। সংবাদ সম্মেলনে তারা বলেন, ‘আমরা যারা অনশন করছি, তাদের অনেক চেষ্টা করেও অনশন ভাঙাতে পারেননি কেউ। আমরা সিদ্ধান্ত নিয়েছি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবো।’
এ সময় তারা আন্দোলনে আর্থিক সহায়তা করার 'অভিযোগে' সাবেক শিক্ষার্থীদের আটকেরও প্রতিবাদ জানান।
