জাতীয় দলে আসার আগে থেকেই বিশ্ব ফুটবলের আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছিলেন ব্রাজিলিয়ান সুপারষ্টার নেইমার। এরপরের গল্পটা ইতিহাস। বয়স মাত্র ২৯। এরই মধ্যে নামিদামি সব কিংবদন্তি ফুটবলারদের পেছনে ফেলে হয়েছেন ব্রাজিলের হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা। তার সামনে কেবল বিশ্বের সর্বকালের সেরা ফুটবলার পেলে। তাকেও ছাড়িয়ে যাওয়ার অপেক্ষায় পিএসজি তারকা।
বর্তমান সময়ের অন্যতম সেরা ফুটবলার হলেও নেইমারকে নিয়ে অনেক বিতর্ক আছে। সেই বিতর্কের কারণ যতটা না ফুটবল, তার চেয়েও বেশি মাঠের বাইরে তার জীবনযাপনের জন্য। তাইতো তার সমর্থক যেমন আছে তেমনই সমালোচকও অসংখ্য। তবে এসবে খুব একটা পাত্তা দেন না ব্রাজিলের নাম্বার টেন। নেইমার জানেন, কীভাবে নিজের জীবন উপভোগ করতে হয়।
নেইমারের সামনে সুযোগ ছিল ব্যালন ডি’অর জয়েরও। সেই আশায় বার্সেলোনা ছেড়ে পাড়ি জমান পিএসজিতে। কিন্তু প্যারিসে আসার পর থেকে চোট যেন তার নিত্যসঙ্গী। সর্বশেষ গত দুই মাস ধরে তিনি মাঠের বাইরে। কবে নাগাদ খেলতে নামবেন, তা এখনো বলা যাচ্ছে না। তবে ভক্তদের জন্য সুখবর! নেটফ্লিক্সে মুক্তি পেয়েছে ব্রাজিলিয়ান ফরোয়ার্ডের জীবন নিয়ে বানানো তথ্যচিত্র ‘নেইমার: দ্য পারফেক্ট ক্যায়োস’। সেখানে দেখানো হয়েছে, সাও পাওলোতে তার বেড়ে ওঠা, সান্তোসে তারকাখ্যাতি এবং ইউরোপে গিয়ে খ্যাতির চূড়ায় ওঠা। এছাড়া চোট, বিতর্ক, সন্তানের সঙ্গে সম্পর্ক, বাবার সঙ্গে সম্পর্কের গল্প।
সম্প্রতি নেইমার বলেছিলেন, এই তথ্যচিত্রটি দেখার পর তার সম্পর্কে সমালোচকদের দৃষ্টিভঙ্গি পাল্টে যাবে। তাকে পছন্দ করতে শুরু করবেন নিন্দুকেরা।
তথ্যচিত্রটিতে নেইমার সম্পর্কে কথা বলেছেন, তার ১০ বছর বয়সী ছেলে দাভি লুকা, বাবা নেইমার সিনিয়র, জাতীয় দল সতীর্থ থিয়াগো সিলভা, দানি আলভেজ, পিএসজি সতীর্থ লিওনেল মেসি, কিলিয়ান এমবাপ্পে। ইংল্যান্ডের সাবেক মিডফিল্ডার ডেভিড বেকহামও সিরিজটিতে আছেন।
