স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নারের নিষিদ্ধ তাকে কী! ভারতকে ঘরের মাঠে টেস্ট সিরিজে ৪-০ উড়িয়ে দেবে টিম পেইনের অস্ট্রেলিয়া। এমনটি মনে করছেন কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা।
বল টেম্পারিং কাণ্ডে স্মিথ, ওয়ার্নার নিষিদ্ধ। তাই এ বার অস্ট্রেলিয়াকে হারানোর স্বপ্ন দেখছে ভারত। অস্ট্রেলিয়ার সাবেক ক্রিকেটার ডিন জোন্সও তেমনই মন্তব্য করেছেন। তবে উল্টোসুরে কথা বললেন ম্যাকগ্রা। তার মতে ভারতকে শুধু হারাবে তা নয়, ৪-০ ব্যবধানে টেস্টে দলটিকে উড়িয়ে দেবে অস্ট্রেলিয়া।
ম্যাকগ্রার মতে, ‘স্মিথ, ওয়ার্নারের শূন্যতা ভরানো সম্ভব নয়। তবে এটা তরুণ ব্যাটসম্যানদের কাছে দারুণ সুযোগ। ওরা যদি ভাল পারফরম্যান্স করতে পারে, তবে নিজেদের জায়গা পাকা করতে পারবে অস্ট্রেলিয়া দলে। এটা খুব আকর্ষণীয় সিরিজ হতে চলেছে। তবে আমার ধারণা, অস্ট্রেলিয়া ৪-০ ফলে জিতবে।’
ব্রিসবেনে ২১ নভেম্বর তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের মাধ্যমে সফর শুরু করছে ভারত। ৬ ডিসেম্বর থেকে শুরু টেস্ট সিরিজ। প্রথম টেস্ট হবে অ্যাডিলেডে। জানুয়ারিতে রয়েছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।
অস্ট্রেলিয়ায় কখনও টেস্ট সিরিজ জেতেনি ভারত। স্মিথ-ওয়ার্নারদের অনুপস্থিতিতে এখন সেই ইতিহাস পাল্টে দিতে চায় দলটি।
ইত্তেফাক/কেআই
