শাবিতে জাফর ইকবাল

আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ০৭:৪৪

আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) ক্যাম্পাসে পৌঁছেছেন বিশ্ববিদ্যালয়টির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।

বুধবার (২৬ জানুয়ারি) ভোর ৪টার দিকে তিনি ক্যাম্পাসে প্রবেশ করেন। এ সময় তার স্ত্রী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. ইয়াসমিন হক সঙ্গে ছিলেন। পরে তারা আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন।

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের দাবিতে অনশনে বসেছেন ২৮ জন শিক্ষার্থী। পাশাপাশি অবস্থান কর্মসূচি, বিক্ষোভ মিছিলও চলছে। এবার শিক্ষার্থীদের এই আন্দোলনে সংহতি জানালেন ড. মুহম্মদ জাফর ইকবাল।

এর আগে মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকা থেকে ক্যাম্পাসের উদ্দেশে রওনা হন মুহম্মদ জাফর ইকবাল।

এদিকে মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় উপাচার্যের বাসভবনের ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা বলেন, ‘আমরা যারা অনশন করছি,  অনেক চেষ্টা করেও অনশন ভাঙাতে পারেননি কেউ। আমরা সিদ্ধান্ত নিয়েছি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবো।’

 

ইত্তেফাক/ইউবি