আন্দোলনরত শিক্ষার্থীদের মামলা দিয়ে হয়রানি না করার জন্য আইনশৃঙ্খলারা বাহিনী প্রতি আহবান জানিয়েছেন শাবিপ্রবির সাবেক অধ্যাপক ড. মুহম্মদ জাফর ইকবাল।
বুধবার (২৬ জানুয়ারি) ভোর ৪টার দিকে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলতে শাবিপ্রবি ক্যাম্পাসে আসেন তিনি ও তার স্ত্রী ড. ইয়াসমিন হক। এসময় উপাচার্যের বাসভবনের সামনে অবস্থানরত শিক্ষার্থীদের সাথে কথা বলেন।
আইনশৃঙ্খলা বাহিনীর উদ্দেশে জাফর ইকবাল বলেন, ‘শিক্ষার্থীদের মামলা দিয়ে হয়রানি করবেন না। আন্দোলনরত শিক্ষার্থীদের মানবিক সহায়তা দেওয়ায় বিশ্ববিদ্যালয়টির সাবেক কয়েকজন শিক্ষার্থীকে আটক করা হয়েছে। মানবিক সহায়তা দেওয়ায় যদি অপরাধ হয়, তাহলে আমি বঙ্গবন্ধুর ওপর একটি আর্টিকেল লিখে পাওয়া ১০ হাজার টাকা আমি তোমাদের দিলাম। আমাকে অ্যারেস্ট করুক।’
এর আগে মঙ্গলবার (২৫ জানুয়ারি) রাত ৯টার দিকে ঢাকা থেকে ক্যাম্পাসের উদ্দেশে রওনা হন মুহম্মদ জাফর ইকবাল ও তার স্ত্রী। ভোর ৪টার দিকে তারা ক্যাম্পাসে প্রবেশ করেন।
এদিকে মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় উপাচার্যের বাসভবনের ভবনের সামনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারীরা বলেন, ‘আমরা যারা অনশন করছি, অনেক চেষ্টা করেও অনশন ভাঙাতে পারেননি কেউ। আমরা সিদ্ধান্ত নিয়েছি উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ না করা পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাবো।’
