নীলফামারীতে ট্রেন-অটো সংঘর্ষ, ৪ শ্রমিকের মৃত্যু

আপডেট : ২৬ জানুয়ারি ২০২২, ১৮:২০

নীলফামারীর দারোয়ানীতে ট্রেনের সঙ্গে অটোরিকশার সংঘর্ষের ঘটনায় চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অটো চালকসহ অপর ৬ যাত্রী। বুধবার (২৬ জানুয়ারি) সকাল ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই উত্তরা ইপিজেডের শ্রমিক।

জানা গেছে, সকালে অটোরিকশাযোগে উত্তরা ইপিজেডের ৮ জন নারী শ্রমিক কর্মস্থলে যাচ্ছিলেন। অটোরিকশাটি দারোয়ানী লেভেলক্রসিং অতিক্রম করার সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি অটোরিকশাটিকে ধাক্কা দেয়। এ সময় অটোরিকশাটি কয়েক ফুট দূরে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলেই মারা যান সদরের সোনারায় ইউনিয়নের ধনীপাড়ার আশরাফ আলীর স্ত্রী শেফালী বেগম (৩৫)। পরে এলাকাবাসীর সহায়তায় ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে কোরানীপাড়ার বেলাল হোসেনের স্ত্রী সাহেরা বেগম (৩৩) ও ধনীপাড়ার মোশাররফ হোসেন বদির স্ত্রী রোমানা আক্তারের (২৫) মৃত্যু হয়। রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান ধনীপাড়ার আরমান হোসেনের স্ত্রী মিনারা বেগম (৩১) মারা যান। সৈয়দপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহমান বিশ্বাস চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেন। 

দুর্ঘটনায় আহতরা হলেন অটোরিকশা চালক আপন হোসেন (২৮), যাত্রী নাজমিন আকতার (৩০), মিনা আকতার (৩০), রওশন আরা (৩৪) ও রোমানা আকতার (২৮)। তাদের সবার বাড়ি সদরের সোনারায় ইউনিয়নের ধনীপাড়া এলাকায়।

 

ইত্তেফাক/জেডএইচডি