নাটকীয় জয়ে সেমিতে মেদভেদেভ

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ০১:১৯

শেষ সেটে ৪০-১৫ গেমে এগিয়ে ছিলেন ফেলিক্স অজার ইয়াসিম। কিন্তু নাটকীয়ভাবে ঘুরে দাঁড়িয়ে ম্যাচটাই জিতে নিলেন দানিল মেদভেদেভ। চলতি বছর অস্ট্রেলিয়ান ওপেনে প্রথম দুই সেট হেরে ম্যাচ জিততে পারেননি কেউ। সেই অসাধ্য কাজটা করেই সেমিফাইনালে উঠলেন মেদভেদেভ। ৪ ঘণ্টা ৪২ মিনিটের ম্যারাথন লড়াইয়ে কানাডিয়ান ফেলিক্সকে ৬-৭ (৪-৭), ৩-৬, ৭-৬ (৭-২), ৭-৫, ৬-৪ গেমে হারান তিনি।

নোভাক জোকোভিচ না থাকায় সেরা বাছাই হিসেবে টুর্নামেন্টে খেলতে নামেন মেদভেদেভ। লক্ষ্য ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম। কিন্তু বয়সে ছোট ফেলিক্সের কাছে কোয়ার্টার ফাইনালেই যেন ফুরিয়ে যাচ্ছিলেন রাশিয়ান তারকা। তবে টেনিসের ‘বিগ থ্রি’ থেকে অনুপ্রেরণা নিয়ে প্রত্যাবর্তনের অসাধারণ গল্প লিখেন তিনি।

জয়ের পর মেদভেদেভ বলেন, ‘নিজের সেরাটা খেলতে পারছিলাম না। ফেলিক্স অবিশ্বাস্য খেলছিল, সার্ভিংও ছিল দুর্দান্ত। আমি জানতাম না এই পরিস্থিতিতে কী করতে হবে। তাই নিজেকে প্রশ্ন করেছি—এখানে জোকোভিচ, নাদাল, ফেদেরার হলে কী করত? তারা এভাবে অনেক ম্যাচ জিতেছে। তাই আমি চিন্তা করলাম, ঠিক আছে শেষ পয়েন্ট পর্যন্ত লড়াই করব।’

সেমিফাইনালে মেদভেদেভের প্রতিপক্ষ গ্রিসের স্তেফানোস সিত্সিপাস। গত আসরে তাকে সরাসরি সেটে হারিয়ে ফাইনালে উঠেছিলেন মেদভেদেভ। তবে এবার হারানোটা সহজ হবে না বলে মনে করছেন তিনি, ‘স্তেফানোস কঠিন খেলোয়াড়। ইতিমধ্যে আমরা প্রচুর কঠিন ম্যাচ খেলেছি। আশা করি নিজের সেরাটা খেলতে পারব।’

দিনের অপর কোয়ার্টার ফাইনালে জান্নিক সিনারকে ৬-৩, ৬-৪, ৬-২ গেমে সরাসরি সেটে উড়িয়ে দেন স্তেফানোস সিত্সিপাস। মেয়েদের বিভাগে সেমিফাইনালে উঠেছেন ইগা শিওনতেক ও দানিয়েল কলিন্স। কাইয়া কানেপির কাছে প্রথম সেটে হারলেও ৪-৬, ৭-৬ (৭-২), ৬-৩ গেমে ম্যাচ জিতে নেন শিওনতেক। অপর কোয়ার্টার ফাইনালে আলিজে কর্নেকে ৭-৫, ৬-১ গেমে হারিয়ে তিন আসর পর আবারও সেমির দেখা পেলেন কলিন্স।

ইত্তেফাক/ ইআ