র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা চেয়ে দেওয়া চিঠিটি ব্যক্তিগত: ইইউ রাষ্ট্রদূত

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৩:৫৭

বিচারবহির্ভূত হত্যাকাণ্ড এবং গুমের অভিযোগে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিতে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছে চিঠি দিয়েছিলেন ইভান স্টেফানেক নামে ইউরোপীয় পার্লামেন্টের এক সদস্য। তবে এ বিষয়ে নিজের কাছে কোনো তথ্য নেই বলে জানিয়ে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, এটি ব্যক্তিগত চিঠি।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) ঢাকা রিপোর্টার্স ইউনিটির ‘মিট দ্য রিপোর্টার্স’ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

চার্লস হোয়াইটলি বলেন, র‌্যাবের ওপর নিষেধাজ্ঞা নিয়ে ইইউ পার্লামেন্টে চিঠির ব্যাপারে কোনো তথ্য নেই, এটি ব্যক্তিগত চিঠি। এ দিন যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার ব্যাপারে কোনো মন্তব্য করতে রাজি হননি বাংলাদেশে ইইউ মিশনের এ প্রধান।

ইইউ রাষ্ট্রদূত বলেন, একজন ব্যক্তির অবশ্যই ব্যক্তিগত মত প্রকাশের অধিকার রয়েছে। আমি মনে করি এটিও তাই। এ বিষয়ে বাংলাদেশ সরকার পদক্ষেপ নিয়েছে, আশা করি তা দ্রুত সমাধান হবে।

রোহিঙ্গা ইস্যুতে এ সময় চার্লস হোয়াইটলি বলেন, ইউরোপীয় ইউনিয়ন রোহিঙ্গা ইস্যুতেও কাজ করছে। আমি নিজেও এ বিষয়ে একাধিকবার কথা বলেছি। আশা করি, একটি সমাধান আসবে। তবে বাংলাদেশ যেভাবে এই মানুষগুলোর পাশে দাঁড়িয়েছে, তা অনন্য।

ডিআরইউর নসরুল হামিদ মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিআরইউ সভাপতি নজরুল ইসলাম মিঠু। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নূরুল ইসলাম হাসিব।

গত বছরের ১০ ডিসেম্বর গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে র‌্যাবের সাবেক ও বর্তমান সাত জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন পররাষ্ট্র দপ্তর এবং রাজস্ব বিভাগ আলাদা আলাদাভাবে নিষেধাজ্ঞা আরোপ করে। তারও এক মাস আগে গত বছরের নভেম্বরে র‌্যাবকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে নিষিদ্ধ করার দাবি জানিয়ে মিশনের আন্ডার সেক্রেটারি জেনারেলকে চিঠি লিখে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল, হিউম্যান রাইটস ওয়াচসহ আন্তর্জাতিক ১২টি মানবাধিকার সংগঠন। 

ইত্তেফাক/এসজেড