বল বিকৃতির অভিযোগে অস্ট্রেলিয়া দলের সাবেক অধিনায়ক স্টিভেন স্মিথসহ নিষিদ্ধ তিন ক্রিকেটার ভারত সিরিজেই ফিরছেন কি না, সে বিষয়ে চলতি সপ্তাহেই সিদ্ধান্ত হবে। বিভিন্ন মহলের চাপের মুখে তিন ক্রিকেটারের ভাগ্য নির্ধারণে বসছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।
অস্ট্রেলিয়ার ক্রিকেট মহলে অবশ্য তাদের ফেরানোর ব্যাপারে ভিন্নমতও আছে। যেমন সাবেক ফাস্ট বোলার মিচেল জনসন টুইটারে লিখেছেন, ‘তিন ক্রিকেটারকে নিষিদ্ধ করেছে বোর্ড। ওরা সেই শাস্তি মেনেও নিয়েছে। তাই আমার মতে, শাস্তি বহাল থাকুক।’
অস্ট্রেলীয় বোর্ডের ওপর সব চেয়ে বেশি চাপ সৃষ্টি করেছে অস্ট্রেলীয় ক্রিকেটারদের সংস্থা (এসিএ)। লিখিতভাবে তারা দাবিও পেশ করেছে। তাদের দাবি, একটি নিরপেক্ষ রিভিউ জানিয়েছে বল বিকৃতি কাণ্ডে শুধু অস্ট্রেলীয় ক্রিকেটারদের দায়ী করলেই চলবে না। এর জন্য দায়ী অস্ট্রেলীয় বোর্ডের কর্তারাও। কারণ, তারাই এমন একটি পরিবেশ তৈরি করেছিলেন, যেখানে ক্রিকেটারেরা বাধ্য হয়েছেন এই রকম অনৈতিক রাস্তায় হাঁটতে। যে কোনও মূল্যে জিততেই হবে, এরকম একটা মানসিকতা ক্রিকেটারদের মধ্যে তৈরি হওয়ার জন্য বোর্ড কর্তারাই দায়ী বলে ওই রিভিউ রিপোর্টে বলা হয়েছে।
তিন ক্রিকেটারের মধ্যে ব্যানক্রফটের শাস্তি উঠে যাচ্ছে ২৯ ডিসেম্বর। ফলে টেস্ট সিরিজের পর ভারতের বিপক্ষে খেলার সুযোগও থাকছে। শাস্তি উঠে গেলে প্রথম শ্রেণির ক্রিকেটে ফিরে নিজেকে তৈরি করার সুযোগ পাবেন তিনি। এমনও হতে পারে, স্মিথ-ওয়ার্নার আপাতত শুধু শেফিল্ড শিল্ডে খেলারই সুযোগ পেলেন।
ইত্তেফাক/কেআই
