কোনো জলাধার ভরাট করা যাবে না: মেয়র আতিক

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ১৯:২৮

ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রীর নির্দেশ রয়েছে নগরীর কোনো জলাধার ভরাট করে স্থাপনা নির্মাণ করা যাবে না।

বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকালে রাজধানীর কুড়িল বিশ্বরোডের পাশের জলাধার উদ্ধার অভিযানে ডিএনসিসি মেয়র এ সব কথা বলেন।

মেয়র আতিক বলেন, কুড়িল বিশ্বরোডের পাশের এই জলাধার যুগ যুগ ধরে নিকুঞ্জের মানুষকে জলাবদ্ধতা থেকে রক্ষা করে আসছে। এটি ভরাট করা হলে নিকুঞ্জসহ এয়ারপোর্ট রোডে বর্ষার পানি নিষ্কাশন ব্যবস্থা নষ্ট হয়ে যাবে। এ সময় রাস্তার পাশে অনুমতি ছাড়া নির্মিত মিলিনিয়াম হোল্ডিং লিমিটেডের একটি বিশাল সাইনবোর্ড উচ্ছেদ করা হয়।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে মো. আতিকুল ইসলাম বলেন, জলাধারের জায়গা সরজমিন পরিদর্শন না করেই বাংলাদেশ রেলওয়ে বরাদ্দ দিয়েছে, ১.৮৪ একরের এই জলাধার রক্ষায় প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ সময় তিনি সৃষ্ট সমস্যার সম্ভব্য প্রতিকার নিয়ে রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজনের সঙ্গে মুঠোফোনে কথা বলেন।

উচ্ছেদ অভিযানে অন্যদের মধ্যে ডিএনসিসির প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. মোজাম্মেল হক, প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল মুহ. আমিরুল ইসলামসহ স্থানীয় কাউন্সিলররা উপস্থিত ছিলেন।



ইত্তেফাক/এনএ/ইউবি