‘শতবর্ষে শত আবৃত্তিতে বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন করলেন প্রধানমন্ত্রী

আপডেট : ২৭ জানুয়ারি ২০২২, ২০:১৯

‘শতবর্ষে শত আবৃত্তিতে বঙ্গবন্ধু’ বইয়ের মোড়ক উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল ১০টায় গণভবন থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি যোগ দিয়ে বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে প্রথম ‘বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসব’ ও ‘বঙ্গবন্ধু শেখ মুজিব আবৃত্তি পদক’ প্রদান অনুষ্ঠান উদ্বোধন এবং বইটির মোড় উন্মোচন করেন। 

মো. আহ্কাম উল্লাহ্ সম্পাদিত বইটিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা-ভালোবাসায় উৎসারিত শেখ হাসিনা ও শেখ রেহানার লেখা রয়েছে। 

এছাড়া বাংলা ভাষার বরেণ্য কবিদের কবিতা, বঙ্গবন্ধুকে নিয়ে কবিতা-গদ্যে গ্রন্থিত নিবেদন এবং তার প্রিয় কবিতা নিয়ে এই বই সাজানো হয়েছে।

শতবর্ষে শত আবৃত্তিতে বঙ্গবন্ধু।

বইটিতে সিনিয়র কবিদের সঙ্গে এই প্রজন্মের কবিতা সংকলন করা হয়েছে। জাতির পিতার জন্মশতবর্ষে লেখা নতুন কবিতাও রয়েছে এই গ্রন্থে। এতে রয়েছে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ ও তার লেখা কারাগারের রোজনামচা, অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থ থেকে নেওয়া আবৃত্তি উপযোগী গ্রন্থনাও। এই গ্রন্থনাগুলো সবই জাতির পিতার প্রতি নিবেদিত আবৃত্তি প্রযোজনার জন্য তৈরি করা হয়েছে। এখানে শিশুদের উপযোগী প্রযোজনার গ্রন্থনাও রয়েছে।

তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ এবং শিক্ষামন্ত্রী দীপু মনি অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন। বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি আসাদুজ্জামান নূর অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

বইটি প্রকাশ করেছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ এবং প্রচ্ছদ করেছেন চিত্রলিশল্পী মনিরুজ্জামান ও বিকাশ। 

ইত্তেফাক/এএএম