উত্তর কোরিয়া বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) আরো দুটি ব্যালেস্টিক মিসাইল ছুড়েছে বলে জানিয়েছে দক্ষিণ কোরিয়া। এখন পর্যন্ত এ মাসে ছয়বারে দশটি মিসাইল ছুড়লো দেশটি। এর ফলে এক মাসে সর্বোচ্চ সংখ্যক মিসাইল ছোড়ার রেকর্ড গড়লো উত্তর কোরিয়া।
দক্ষিণ কোরিয়া এক বিবৃতিতে জানায়, স্থানীয় সময় সকাল আটটার দিকে উত্তর কোরিয়ার পূর্ব উপকূলে হামবুর্গ শহর থেকে দুটি স্বল্প পাল্লার মিসাইল ছোঁড়া হয়। মিসাইল দুটি ১৯০ কিলোমিটার দূর পর্যন্ত যায় এবং ২০ কিলোমিটার উচ্চতায় পৌঁছে।
দক্ষিণ কোরিয়া ও আমেরিকাকে চাপে ফেলাই এই মিসাইল নিক্ষেপের আংশিক লক্ষ্য বলে মনে হচ্ছে। এই দুটি দেশ উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র সংক্রান্ত আলোচনায় ফেরত আসতে আহবান জানিয়েছে।
এছাড়াও দেশের ভেতর কিম জং উনের পক্ষে রাজনৈতিক সমর্থন বাড়ানো, নতুন অস্ত্রের কার্যক্ষমতা নিশ্চিত ও প্রতিরোধ প্রদর্শন করাসহ মিসাইল পরীক্ষার কিছু সম্ভাব্য কারণ রয়েছে।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর ঐ উৎক্ষেপণের নিন্দা করে বলেছে যে উত্তর কোরিয়া জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একাধিক প্রস্তাব লঙ্ঘন করেছে এবং তারা প্রতিবেশী দেশ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য হুমকিস্বরূপ।
জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা এই পরীক্ষাকে "খুবই দুঃখজনক" বলে অভিহিত করেছেন। দক্ষিণ কোরিয়ার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলও অত্যন্ত দুঃখ প্রকাশ করে বলেছে, এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার জন্য উৎক্ষেপণগুলো হুমকিস্বরূপ।
