অনুমোদন পেলো উড়ন্ত গাড়ি

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ০৭:৩০

তীব্র যানজটে কিংবা সড়কে চলতে চলতে হঠাৎ আকাশে উড়ে যাওয়াকে রূপকথার গল্পের মতো মনে হলেও বাস্তবে সেটিই সত্য হতে চলেছে। স্লোভাকিয়ার হাইব্রিড গাড়িনির্মাতা ক্লেইন ভিশন তেমনই একটি গাড়িকে আকাশে ওড়ার অনুমতি দিয়েছে।

‘এয়ারকার’ নামে এ বাহনটি রাস্তায় চলার পাশাপাশি আকাশে উড়তে পারে। সুইচ টিপ দিলে তিন মিনিটেরও কম সময়ে এটি রাস্তায় চলা গাড়ি থেকে পরিণত হয় আকাশে ওড়ার অবিশ্বাস্য বাহনে। স্লোভাক পরিবহন কর্তৃপক্ষ সম্প্রতি এই গাড়িটিকে এয়ারওর্দিনেস সনদ দিয়েছে। অবশ্য এর জন্য কঠিন পরীক্ষাও দিতে হয়েছে। প্রায় ৭০ ঘণ্টা গাড়িটিকে উড়তে হয়েছে। আর টেকঅফ-ল্যান্ডিং করতে হয়েছে ২০০ বারেরও বেশি। ঘণ্টায় ১৭০ কিলোমিটার বেগে চলতে পারে গাড়িটি। যেতে পারে ১ হাজার কিলোমিটার পর্যন্ত। তবে এমন গাড়ি আকাশে ওড়াতে পাইলটের লাইসেন্স থাকতে হবে। আগামী এক বছরের মধ্যেই এয়ারকার বাণিজ্যিকভাবে বাজারে ছাড়া যাবে বলে আশাবাদী নির্মাতারা।

এয়ারকারে ১.৬এল বিএমডব্লিউ ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। যে কোনো গ্যাস স্টেশনে বিক্রি হওয়া জ্বালানিতেই এটি চালানো যায়। উঠতে পারে সর্বোচ্চ ১৮ হাজার ফুট পর্যন্ত।

অবশ্য উড়ন্ত গাড়ির প্রদর্শনী বিশ্বে এটিই প্রথম নয়। ২০১৮ সালে ড্রোনের মতো দেখতে একটি ফ্লায়িং-ট্যাক্সির প্রোটোটাইপ সামনে এনেছিল উবার। নেদারল্যান্ড-ভিত্তিক কোম্পানি পিএএল-ভি প্রায় একই ধরনের একটি উড়ন্ত গাড়ি তৈরি করেছে। তবে এখনো চূড়ান্ত সম্মতির ধাপ পার হতে পারেনি তারা। এছাড়া যুক্তরাষ্ট্রেও টেরাফিউজিয়া নামে একটি প্রতিষ্ঠানের উড়ন্ত গাড়ি এয়ারওর্দিনেস সনদ পেয়েছে।

ইত্তেফাক/এএইচপি