‘এমন উত্সবের অংশ হতে পারা গৌরবের’

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ০৯:২৭

আগামী জুলাইয়ে যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে বসতে যাচ্ছে ‘ভারতীয় বঙ্গ সম্মেলন’-এর এবারের আসর। বাইরের দেশের আয়োজিত বাংলা ভাষাভাষিদের সবচেয়ে বড় এই উৎসবে বাংলাদেশ ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন দেশের শীর্ষ তারকা শাকিব খান।

উল্লেখ্য, ৫২ বছর আগে ভারতের পশ্চিমবঙ্গের বাঙালিরা আমেরিকায় প্রতিষ্ঠা করেন বঙ্গ সংস্কৃতি সংঘ। আর এই সংগঠনের অধীনেই ৪২ বছর ধরে অনুষ্ঠিত হচ্ছে ‘ভারতীয় বঙ্গ সম্মেলন’। সম্মেলনটির ইতিহাসে শাকিব খান বাংলাদেশি হিসেবে প্রথম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন।

বুধবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটানে শাকিব খানের সঙ্গে একটি সম্মতি স্বাক্ষর হয়। এতে আয়োজক সংগঠন সিএবির পক্ষে স্বাক্ষর করেন বঙ্গ সম্মেলন ২০২২-এর আহ্বায়ক মিলন আওন। অনুষ্ঠানে সম্মেলনের বাংলাদেশ আউট রিচের পক্ষে উপস্থিত ছিলেন হাসানুজ্জামান সাকী।

এ সময় শাকিব খান বলেন, ‘এর আগে কয়েকবার বঙ্গ সম্মেলনে আসার কথা থাকলেও সময় সুযোগ না হওয়ায় আসা হয়নি। এবার লাস ভেগাসের বঙ্গ সম্মেলনে বাংলাদেশ আউট রিচ ব্র্যান্ড অ্যাম্বাসেডর করায় আমি আনন্দিত। এমন উৎসবের অংশ হতে পারা গৌরবের। আমি আশা করি, জুলাই মাসে আমেরিকায় বসবাসকারী বাংলাদেশিরা বঙ্গ সম্মেলনে অংশ নেবেন।

ইত্তেফাক/ ইআ