যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় নিহত ১, আহত ৪

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ১৪:০৫

মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনের একটি হোটেলে বন্দুকধারীর হামলায় একজন নিহত ও আরও চার জন আহত হয়েছেন। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) স্থানীয় পুলিশ এ কথা জানিয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এক টুইটে পুলিশ জানায়, বৃহস্পতিবার প্রথম প্রহরে একটি আবাসিক এলাকার কাছের একটি চেইন হোটেলে এ বন্দুক হামলায় ৫ জন গুলিবিদ্ধ হন এবং পরে তাদেরকে একটি হাসপাতালে নেয়া হয়।

‘হোটেল ডেজ ইন’ এ ঘটনায় গুলিবিদ্ধ চার প্রাপ্ত বয়স্ক নারীকে এমপিডি শনাক্ত করেছে। সেখানে হামলার শিকার আরেক নারীকে মৃত ঘোষণা করা হয়েছে।

ওয়াশিংটন পুলিশ কয়েক ঘণ্টা ধরে ওই এলাকা ঘিরে রেখেছে এবং তদন্ত শুরু করেছে।

ওয়াশিংটনের পার্শ্ববর্তী একটি গুরুত্বপূর্ণ এলাকায় অবস্থিত হোটেলের একটি কক্ষে পার্টি চলাকালে বন্দুক হামলা শুরু হলে ঘটনাস্থলে পুলিশ ডেকে পাঠানো হয়। ওই এলাকায় অনেক দূতাবাস ও নিউজ আউটলেট রয়েছে।

পুলিশ কমান্ডার ডানকান বেডলিয়ন স্থানীয় একটি সংবাদ চ্যানেলকে বলেন, তারা অতীতে এ হোটেলের ব্যাপারে ওই এলাকার বাসিন্দাদের কাছ থেকে অনেক অভিযোগ পেয়েছেন।

তিনি আরও বলেন, ‘আমরা মাদক কর্মকাণ্ড সংক্রান্ত অভিযোগ পাই এবং তা মোকাবেলায় এলাকার জনসাধারণকে সাথে নিয়ে আমরা সক্রিয়ভাবে কাজ করি।’
তবে হামলাকারীকে এখনো শনাক্ত করা যায়নি।

ইত্তেফাক/টিআর