দেশে একদিনে করোনার নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হারের রেকর্ড হয়েছে। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৩৩ দশমিক ৩৭ শতাংশ। সর্বশেষ শুক্রবার (২৮ জানুয়ারি) সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৫ হাজার ৪৪০ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। আর মৃত্যু হয়েছে ২০ জনের।
শুক্রবার (২৮ জানুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এর আগে ২০২০ সালের ১২ জুলাই করোনা শনাক্তের হার ছিল ৩৩ দশমিক ০৪ শতাংশ, যা এতদিন সর্বোচ্চ ছিল।
২৪ ঘণ্টায় মারা যাওয়া ২০ জনের মধ্যে ৮ জন পুরুষ ও ১২ জন নারী। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, ৯১ থেকে ১০০ বছরের মধ্যে একজন, ৮১ থেকে ৯০ বছরের মধ্যে পাঁচজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে সাতজন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে একজন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে দুইজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন, ১১ থেকে ২০ বছরের মধ্যে দুইজন ও ১০ বছরের কম বয়সের একজন রয়েছে।
নতুন রোগীদের নিয়ে দেশে মোট শনাক্ত করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ লাখ ৬২ হাজার ৭৭১ জনে। তাদের মধ্যে মোট ২৮ হাজার ৩০৮ জনের মৃত্যু হয়েছে।
উল্লেখ্য, ২০১৯ সালের শেষে চীনের উহানে প্রথম করোনার সংক্রমণ ধরা পড়ে। এরপর কয়েক মাসের মধ্যে এ ভাইরাস সারা বিশ্বে ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম করোনা শনাক্ত হয় ২০২০ সালের ৮ মার্চ। আর প্রথম মৃত্যু হয় একই বছরের ১৮ মার্চ।

