ঘটনা ২০০১ সালের জুলাই। কারাবন্দি প্রেমিকার জামিনের জন্য অর্থ সংগ্রহ করতে ডাকাতির আশ্রয় নিয়েছিলেন ডোনাল্ড অ্যান্টনি গ্রান্ট। সে সময় গ্রান্ট ডেল সিটির লা কুইন্টা ইনে ডাকাতি করতে গিয়ে ব্রেন্ডা ম্যাকইলিয়া (২৯) ও ফেলিসিয়া সুজেট স্মিথকে (৪৩) হত্যা করেন।
দুটি হত্যাকাণ্ড সংঘটনের দায়ে দোষী সাব্যস্ত করে ২০০৫ সালে গ্রান্টকে মৃত্যুদণ্ড দেন আদালত।
শুক্রবার (২৮ জানুয়ারি) এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের ওকলাহোমায় প্রাণঘাতী ইনজেকশন দিয়ে গ্রান্টের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এর আগে গ্রান্ট ইনজেকশনের পরিবর্তে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড কার্যকরের আবেদন করেছিল। বৃহস্পতিবার তার মৃত্যুদণ্ড কার্যকর হয়।
ওকলাহোমা রাজ্যের একটি কারাগারে ৪৬ বছর বয়সী ডোনাল্ড অ্যান্টনি গ্রান্টের মৃত্যুদণ্ড কার্যকর হয়। স্থানীয় সময় সকাল ১০টা ১৬ মিনিটে তার মৃত্যু নিশ্চিত করে কর্তৃপক্ষ। মৃত্যুদণ্ডের প্রক্রিয়া শুরু হয় ১০টা তিন মিনিটে।
মৃত্যুদণ্ড কার্যকরের আগে গ্রান্ট জানান, এটা কিছুই না। আমি শক্ত ছেলে। কোনো ওষুধ নেই, কিছুই নেই। আমি শক্ত। মাইক্রোফোন সরিয়ে নেওয়ার পরও গ্রান্ট তার পরিবারের সদস্যদের দিকে তাকিয়ে কথা বলতে থাকেন।
