বন্দর উপজেলার একটি রফতানিমুখী পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় কারখানার আশেপাশে পানির ব্যবস্থা না থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয় ফায়ার সার্ভিসকে।
শুক্রবার বিকেলে উপজেলার মদনপুরের জাহিন টেক্সটাইল নামে পোশাক কারখানায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের কর্মীরা জানান, আমাদের ১৩টা ইউনিট আগুন নেভাতে কাজ করে। কিন্তু আশপাশে পানির ব্যবস্থা নেই। তাই আগুন নেভাতে সময় লেগেছে।
কারখানার শ্রমিকরা জানান, শুক্রবার ছুটির দিন থাকায় কারখানায় শ্রমিকদের ছুটি ছিল।এতে করে কোনো শ্রমিক ভেতরে আটকে পড়েনি। এই কারখানায় অগ্নিনির্বাপণের সব ব্যবস্থা রয়েছে। কিন্তু যারা এই যন্ত্রগুলো চালাতে পারে তারা না থাকায় আগুন তাৎক্ষণিকভাবে নিয়ন্ত্রণ করা যায়নি।
ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের নারায়ণগঞ্জের উপসহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন জানান, আমরা খবর পেয়ে জেলার বিভিন্ন স্টেশনের ১৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে। আগুনের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ এখনি বলা যাচ্ছে না। পানির কিছুটা সমস্যা ছিল। তবে আমরা বিকল্পভাবে ব্যবস্থা করেছি।

৫ ঘণ্টা পর পোশাক কারখানার আগুন নিয়ন্ত্রণে