পাল্টে গেছে চিত্রনায়িকা ময়ূরীর জীবন

আপডেট : ২৮ জানুয়ারি ২০২২, ২৩:১৭

চিত্রনায়িকা ময়ূরী। বহুদিন থেকে অভিনয়ের বাইরে রয়েছেন তিনি। শুক্রবার (২৭ জানুয়ারি) চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন উপলক্ষে এফডিসিতে এসেছিলেন এই চিত্রনায়িকা। 

এফডিসিতে এসে তিনি জানালেন পাল্টে গেছে তার জীবন। আর কখনো সিনেমায় ফিরতে চান না অভিনেত্রী। সন্তানদের নিয়ে পাড়ি দিতে চান বিদেশে।

ময়ূরী বলেন, বিয়ের পর সিদ্ধান্ত নিয়েছি আর সিনেমা করব না। আমার এখন দুই সন্তান। মেয়ে অষ্টম শ্রেণীতে পড়ছে আর ছেলের বয়স ৩ বছর।  তাদের নিয়েই সব সময় ব্যস্ত থাকতে হয়। মাঝে মাঝে দেশের বাহিরে যাওয়া হয়। সেখানে আমার ভাই এবং ভাইয়ের স্ত্রী বসবাস করেন। আমিও সেখানে যাওয়ার চেষ্টা করছি। 

অভিনয়ে না-ফেরার বিষয়ে তিনি বলেন, এখনও বেশ কিছু কাজের অফার পাচ্ছি। কিন্তু সবগুলো না করে দিয়েছি। এখন সংসার নিয়ে ভাবছি কারণ অভিনয় এবং সংসার একসাথে দুটো কাজ হয়না। 

অনুরাগীদের উদ্দেশ্য করে তিনি বলেন, আপনারা আমাকে সবসময় ভালবাসবো, পাশে থাকবেন আর ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন।

তিনি আরও বলেন, এফডিসি নির্বাচন উপলক্ষে অনেকের সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে, এটা অনেক ভালো লাগছে। আসলে সিনেমা তো অন্যরকম ভালো লাগার জায়গা, তাই এফডিসিতে বারবার আসতেই ভালো লাগে।

এফডিসিতে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ভোট-গ্রহণ শুরু হয় শুক্রবার সকাল সোয়া ৯টায়। ভোট চলে বিকেল সোয়া ৫টা পর্যন্ত। পছন্দের প্রার্থীদের ভোট দিয়ে ময়ূরী নিজের বর্তমান অবস্থার কথা জানান।

এবাবের নির্বাচনে দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন চলচ্চিত্র শিল্পীরা। একটি প্যানেলে সভাপতি পদে রয়েছে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান। অন্য প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন সভাপতি পদে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক পদে চিত্রনায়িকা নিপুণ আক্তার।

ইত্তেফাক/বিএএফ/এএইচপি

ইত্তেফাক/এএইচপি