সুজানগরে কুমড়া ছাড়াই কুমড়া বড়ি

আপডেট : ২৯ জানুয়ারি ২০২২, ১০:০২

পাবনার সুজানগরে কুমড়া ছাড়াই অবাধে তৈরি করা হচ্ছে কুমড়া বড়ি। উপজেলার নিয়োগীর বনগ্রামের প্রায় অর্ধশত পরিবার প্রতিদিন ঐ বড়ি তৈরি করে সুজানগর পৌর বাজারসহ বিভিন্ন হাট-বাজারে বিক্রি করছে। 

খারপাড়া গ্রামের শাহজাহান আলী জানান, তাদের তৈরি বড়ির নাম কুমড়া বড়ি হলেও তারা আসলে ঐ বড়ি তৈরি করেন আলোচাল এবং বড় বড় অ্যাংকর ডাল দিয়ে। একই এলাকার 
শামছুর রহমান বলেন, তাদের গ্রামের নারীরা কুমড়া ছাড়া শুধু আলোচাল এবং বড় বড় অ্যাংকর ডাল দিয়ে বড়ি তৈরি করে খাঁটি কুমড়া বড়ি হিসেবে চড়া দামে বিক্রি করেন। আর এলাকাবাসী প্রতিনিয়ত ঐ বড়ি প্রতি কেজি তিন থেকে ৩৫০ টাকা দরে কিনে নিয়ে প্রতারিত হচ্ছে। 

ভবানীপুর গ্রামের ভুক্তভোগী ক্রেতা সিদ্দিকুর রহমান বলেন, আমি গত রবিবার সুজানগর পৌর বাজারের একজন ব্যবসায়ীর কাছ থেকে ৩০০ টাকা দিয়ে এক কেজি ঐ বড়ি কিনেছিলাম। তাতে কোনো কুমড়ার স্বাদ বা গন্ধ নাই। এমনকি খেতেও মজা না। 

এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রওশন আলী বলেন, কুমড়া ছাড়া বড়ি তৈরি করে খাঁটি কুমড়া বড়ি বলে বিক্রি করা অপরাধ। কাজেই সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

ইত্তেফাক/ ইআ