ভারতশাসিত কাশ্মিরে পুলওয়ামার নাইরা ও বাদগামে নিরাপত্তা বাহিনীর সঙ্গে পৃথক দুটি বন্দুকযুদ্ধে পাঁচ ‘সন্ত্রাসী’ নিহত হয়েছে। তাদের মধ্যে একজন পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ই-মোহাম্মদের কমান্ডার ছিলেন। শনিবার রাতে এই বন্দুকযুদ্ধ হয় বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
কাশ্মীর পুলিশ টুইট করেছে, ‘গত ১২ ঘণ্টায় দুটি বন্দুকযুদ্ধে পাকিস্তানের পৃষ্ঠপোষকতায় পরিচালিত নিষিদ্ধ জঙ্গি সংগঠন লস্কর-ই-তাইয়েবা ও জইশ-ই-মোহাম্মদের পাঁচ সন্ত্রাসী নিহত হয়েছে। এর মধ্যে জইশ-ই-মোহাম্মদের কমান্ডার জাহিদ ওয়ানি ও এক পাকিস্তানি সন্ত্রাসী রয়েছে। এটা আমাদের জন্য একটা বড় সাফল্য।’
বন্দুকযুদ্ধের স্থল থেকে অস্ত্র ও বিস্ফোরক উদ্ধার করা হয়েছে বলেও জানিয়েছেন এক পুলিশ কর্মকর্তা।
চলতি মাসে এখন পর্যন্ত কাশ্মিরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ১১টি বন্দুকযুদ্ধের ঘটনায় মোট ২১ জন সন্ত্রাসী নিহত হয়েছে। নিহত সন্ত্রাসীদের মধ্যে ৮ জন পাকিস্তানি নাগরিক।
