প্যারাডাইস-পানামা পেপারসে নাম আসা ব্যক্তি ও প্রতিষ্ঠানের তালিকা দেওয়ার নির্দেশ

আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ২১:৫৫

অর্থ পাচারের সঙ্গে জড়িতের অভিযোগে প্যারাডাইস ও পানামা পেপারসে নাম আসা ৬১ বাংলাদেশি ও সাতটি কোম্পানির বিরুদ্ধে অনুসন্ধান ও তদন্তের সর্বশেষ অবস্থা জানতে চেয়েছে হাইকোর্ট। আগামী ৬ মার্চের মধ্যে এই অবস্থা প্রতিবেদন আকারে হাইকোর্টকে অবহিত করতে দুদক ও সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে। 

এ সংক্রান্ত মামলার শুনানি শেষে বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের দ্বৈত বেঞ্চ রবিবার এই আদেশ দেন। এছাড়া সুইস ব্যাংকসহ বিদেশের ব্যাংকে কোন কোন বাংলাদেশির অর্থ রয়েছে তার তালিকাও দাখিল করতে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এক মাসের মধ্যে এই তালিকা দাখিল করতে বলা হয়েছে। আদালত বলেছে, আমরা দেশ ও জনগণের জন্য কাজ করছি। এখানে আমাদের ব্যক্তিগত কোনো স্বার্থ নেই।

এর আগে সকালে বিএফআইইউ ও দুদকের দাখিল করা ৬১ ব্যক্তি ও সাতটি কোম্পানির নামের তালিকার ওপর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে দুদক কৌঁসুলি খুরশীদ আলম খান ও রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিনউদ্দিন মানিক প্যারাডাইস ও পানামা পেপারসে আসা বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের নামের তালিকা তুলে ধরেন। এ সময় অফশোর কোম্পানির তালিকাও আদালতে তুলে ধরেন দুদক কৌঁসুলি। 

 

ইত্তেফাক/ইউবি