পাকিস্তানে যাজককে গুলি করে হত্যা

আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ০০:১৬

পাকিস্তানের পেশাওয়ারে এক খ্রিষ্টান যাজককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। রবিবার (৩০ জানুয়ারি) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহরে তাকে গুলি করা হয়। এসময় তার এক সহকর্মী আহত হয়েছেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

স্থানীয় পুলিশ কর্মকর্তা হারুন খানের বরাতে প্রতিবেদনে বলা হয়, যাজক উইলিয়ামকে সিরাজকে বহনকারী একটি প্রাইভেটকার লক্ষ্য করে গুলি চালায় অজ্ঞাতরা। তিনি চামকানি এলাকায় সহকর্মীকে নিয়ে গির্জা থেকে বাড়ি ফিরছিলেন।

তাৎক্ষণিকভাবে কোনও গোষ্ঠী এই হামলার দায় স্বীকার করেনি। তবে, ওই এলাকায় সম্প্রতি জঙ্গি হামলার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। সাম্প্রতিক হামলাগুলোর পেছনে বেশিরভাগ দাবি করেছে তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)। তারা নিজেদের আফগান তালেবানের সহযোগী বলে দাবি করে।

স্থানীয় হাসপাতালের এক মুখপাত্র মোহাম্মদ আসিম জানান, যাজকের আহত সহকর্মী শঙ্কামুক্ত।

২০১৩ সালে পেশাওয়ারের অ্যাঙ্গলিকান গির্জার বাইরে এক আত্মঘাতী হামলায় ৭৮ জন নিহত হয়েছিলেন।

ইত্তেফাক/টিআর