সুন্দরবন। প্রাকৃতিক সৌন্দর্য আর প্রাচুর্যে ভরা দুনিয়ার সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন। প্রকৃতির এই আশীর্বাদ পুঁজি করে লাখ লাখ জেলে-বাওয়ালি এখানে জীবিকা নির্বাহ করেন। সুন্দরবন হচ্ছে প্রাকৃতিক সৌন্দর্য ও সম্পদে ভরপুর অত্যন্ত দুর্গম বনাঞ্চল। জয়নব বিবি। এক জীবনসংগ্রামী নারী। থাকেন সুন্দরবনসংলগ্ন বিচ্ছিন্ন এক দ্বীপ গাবুরা ইউনিয়নে।
কিশোরী বয়স থেকেই সুন্দরবনে যান জীবিকার জন্য। নৌকা বেয়ে প্রায় পঞ্চাশ-ষাট মাইল বনের ভেতরে চলে যান মাছ ধরতে ধরতে। গহিন বনে অসংখ্য বার পড়েছেন রয়েল বেঙ্গল টাইগারের সামনে। তবু জীবিকার জন্য বনে গিয়েছেন বারবার। বাঘের ভয়ে পিছু হটেননি কখনো। কারণ এই অঞ্চলের মানুষের কাছে সুন্দরবনের বিকল্প কোনো জীবিকার সন্ধান নেই! ভয়, শঙ্কা, অনিশ্চয়তা যতই থাকুক, একবুক সাহস ছাড়া এখানে টিকে থাকা সম্ভব নয়। অল্প বয়সে স্বামীকে হারিয়ে সন্তান ও পরিবারের হাল ধরতে হয়েছে শক্ত করে। তাই জীবনসংগ্রাম থেকে পিছু হটার বা পালানোর পথ নেই জয়নব বিবির।
জয়নব বিবি এ পর্যন্ত চার বার সুন্দরবনের ভয়ংকর জলদসু্যদের হাতে অপহৃত হয়েছেন। অপহরণ করে নিয়ে যায় গহিন জঙ্গলে। সেখানে গিয়ে দেখেন, আটটি নৌকায় প্রায় ৪০ জন জেলেকে অপহরণ করে নির্মম নির্যাতন চালাচ্ছে। সেই বার কোনোমতে প্রাণ নিয়ে বেঁচে ফিরেছিলেন বলে জানান জয়নব বিবি।
এখানকার জেলেরা কষ্ট করে মাছ-কাঁকড়া শিকার করলেও তারা সেই কষ্টার্জিত ফসল ভোগ করতে পারে না বলে উল্লেখ করেন জয়নব বিবি। এসব মানুষের এখন দিন কাটে টানাপোড়েনের মধ্য দিয়ে। প্রকৃতপক্ষে সুন্দরবনের আশপাশের মানুষের জীবন এক অনিশ্চয়তার নাম। সুন্দরবন এলাকায় এরকম অসংখ্য জয়নব বিবি কষ্ট করে, সংগ্রাম করে কোনোমতে জীবন টিকিয়ে রেখেছেন একটি ভালো দিনের আশায়।
