নাতির কোলে চেপেই ভোট দিলেন শতবর্ষী দাদি

আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ১৭:৫৮

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়ন পরিষদ নির্বাচনে নাতির কোলে চড়ে এসে ভোট দিলেন শতবর্ষী দাদি দুলী মন্ডল। সোমবার (৩১ জানুয়ারি) উপজেলার রামশীল ইউনিয়নের রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে নাতি সুজন মন্ডলের কোলে চড়ে এসে ভোট দেন তিনি।

এবারই প্রথম কোটালীপাড়া উপজেলার রামশীল ইউনিয়নে ইভিএম পদ্ধতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে চলে বিকেল ৪টা পর্যন্ত। নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী শ্যামল কান্তি বিশ্বাস নৌকা প্রতীক নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। 

দুলী মন্ডল বলেন, ‘জীবনে অনেক ভোট দিছি। কিন্তু এইবার অন্যভাবে ভোট দিলাম। একটা মেশিনে হাত ছোঁয়াইলাম আর ভোট হইয়া গ্যালো।’ 

এর আগে চতুর্থ ও পঞ্চম ধাপের নির্বাচনে কোটালীপাড়া উপজেলার পিঞ্জুরী, হিরণ, কলাবাড়ি, সাদুল্লাপুর, শুয়াগ্রাম, কান্দি, আমতলী, বান্ধাবাড়ি, রাধাগঞ্জ ও কুশলা ইউনিয়ন পরিষদে ব্যালটের মাধ্যমে নির্বাচন অনুষ্ঠিত হয়। এই ১০ ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আমিনুজ্জামান খান মিলন, মাজাহারুল আলম পান্না, অ্যাডভোকেট বিজন বিশ্বাস, সমর চাঁদ মৃধা খোকন, যজ্ঞেশ্বর বৈদ্য অনুপ, তুষার মধু, রাফেজা বেগম, মিজানুর রহমান হাওলাদার মানিক,  ভীম চন্দ্র বাগচী, চৌধুরী সুলতান মাহমুদ কালু নির্বাচিত হয়েছেন। 

উপজেলা নির্বাচন অফিসার খায়রুল হাসান বলেন, কোটালীপাড়া উপজেলার ১১টি ইউনিয়নের মধ্যে ১০টি ইউনিয়নে ব্যালট ও ১টি ইউনিয়নে ইভিএম এর মাধ্যমে শান্তিপূর্ণ ভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই ১১টি ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থীরা জয়লাভ করেছেন।

 

ইত্তেফাক/জেডএইচডি