ঝিনাইগাতীতে ভারতীয় মদসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট : ৩১ জানুয়ারি ২০২২, ২০:৫৫

শেরপুরের ঝিনাইগাতীতে ১০০ বোতল ভারতীয় মদসহ আব্দুল আজিজ (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, জামালপুর। রবিবার (৩০ জানুয়ারি) রাতে উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। 

জানা গেছে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামানের নেতৃত্বে র‍্যাবের একটি আভিযানিক দল ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া মোড়ে সোনার বাংলা স্টোরের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে। এ সময় ১০০ বোতল ভারতীয় মদসহ আব্দুল আজিজকে গ্রেফতার করা হয়। 

র‍্যাব সূত্রে জানা গেছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রবিবার রাত ৮টার দিকে অভিযানটি পরিচালনা করা হয়। এ বিষয়ে ঝিনাইগাতী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামি দীর্ঘদিন থেকে জেলার বিভিন্ন স্থানে মাদক ক্রয় বিক্রয় ও সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে শেরপুর সদর ও নালিতাবাড়ী থানায় আরও দুইটি মামলা রয়েছে।

র‍্যাবের সিপিসি-১, জামালপুর ক্যাম্পের কোম্পানির কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

ইত্তেফাক/জেডএইচডি