ইসরাইলি প্রেসিডেন্টের আমিরাত সফরের সময় হুতিদের ক্ষেপণাস্ত্র হামলা  

আপডেট : ০১ ফেব্রুয়ারি ২০২২, ০৭:৩৮

সংযুক্ত আরব আমিরাতে ইসরাইলি প্রেসিডেন্টের সফরের সময় দেশটিতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তবে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয়েছে বলে সোমবার দাবি করেছে আরব আমিরাত।

পারস্য উপসাগরের ব্যাণিজ্য ও পর্যটনের কেন্দ্রস্থল হয়ে ওঠা দেশটিতে প্রথম সরকারি সফরে যান ইসরাইলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজোগ। এই নিয়ে গত দুই সপ্তাহে তৃতীয় বারের মতো সংযুক্ত আরব আমিরাতে হামলা চালাল হুতিরা।

এর মধ্যে ১৭ জানুয়ারি দেশটির রাজধানী আবুধাবিতে চালানোর হামলায় তিন জন নিহত ও ক্ষয়ক্ষতি হয়েছিল। যুক্তরাষ্ট্র এসব হামলার নিন্দা করেছে। ইয়েমেনে ইরানসমর্থিত হুতিদের সঙ্গে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনীর লড়াই যে আরো বিস্তৃত হচ্ছে এ ক্ষেপণাস্ত্র হামলা তার নজির।

সংযুক্ত আরব আমিরাত সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনীর অন্যতম সদস্য। এক টুইটার পোস্টে আমিরাতের ঊর্ধ্বতন কর্মকর্তা আনোয়ার গারগাশ ক্ষেপণাস্ত্র হামলাটিকে ‘অর্থহীন উসকানি’ অভিহিত করে জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের জন্য এসব মোকাবিলা করা হবে বলে জানিয়েছেন।

তিনি বলেন, ‘যারা আরব আমিরাতকে পরীক্ষা করে তারা ভুল করে।’ আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, স্হানীয় সময় রাত ১২টা ২০ মিনিটের দিকে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত করা হয় আর এর ধ্বংসাবশেষ জনবসতিহীন একটি এলাকায় পড়েছে। ক্ষেপণাস্ত্রটির লক্ষ্যস্হল আবুধাবি না দুবাই ছিল, তা জানায়নি তারা।

ইত্তেফাক/এসআর