প্রস্তুতি ম্যাচে কাটল রানের খরা

আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১৩:৪৪

নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের পর আগামী ২৮ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টেস্ট সিরিজ। তিন ম্যাচের এই সিরিজ শুরুর আগে নিজেদের ঝালিয়ে নিতে আজ শনিবার লিঙ্কনে দুই দিনের প্রস্তুতি ম্যাচ শুরু করেছে বাংলাদেশ। নিউজিল্যান্ড একাদশের বিপক্ষে লিঙ্কনে শুরু হওয়া এই ম্যাচে রানের খরা অনেকটাই কাটাতে সক্ষম হয়েছে সফরকারিরা। প্রথম ইনিংস ৪১১ রানের দারুণ ইনিংস খেলেছে বাংলাদেশ। 

দলীয় স্কোরটা আশাব্যঞ্জক হলেও এককভাবে কোনো ব্যাটসম্যান সেঞ্চুরি বা তার চেয়ে বড় স্কোর গড়তে পারেননি। সবার সম্মিলিত পারফরমেন্সেই এসেছে এই রান। ম্যাচে টস জিতে শুরুতে ব্যাট হাতে নামে বাংলাদেশ। তামিম ইকবাল ও সাদমান ইসলাম ১১৩ রানের ওপেনিং জুটি গড়েই শক্ত একটা ভিত গড়ে দেন।

এ সময় তামিম আউট হয়ে যান ৪৫ রান করে। দলীয় স্কোরে ৭ রান যোগ হতেই ফিরেন সাদমানও। আউট হওয়ার আগে ইনিংস সর্বোচ্চ ৬৭ রান করেন তিনি। এরপর মুমিনুল কিছুটা দ্রুত ফিরে গেলেও লিটন দাস, সৌম্য সরকার, মাহমুদউল্লাহ ও মেহেদি হাসান মিরাজ ভালোই খেলেছেন। 

আরও পড়ুন: অভিযানের পরও পুরান ঢাকায় রাসায়নিক গুদাম থাকা দুঃখজনক : প্রধানমন্ত্রী

লিটন ৬২, মাহমুদউল্লাহ ৫৯, মিরাজ ৫১ ও সৌম্য ৪১ রান করেন। এই সম্মিলিত পারফরমেন্সেই শেষ পর্যন্ত ৪১১ রানের বড় স্কোর গড়তে সক্ষম হয় বাংলাদেশ। 

ইত্তেফাক/কেআই