গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় হামাসের ৩ জন জ্যেষ্ঠ সেনা কমান্ডার নিহত হয়েছেন।
বৃহস্পতিবারের হামলায় তারা নিহত হন।
গাজা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস দাবি করেছে, এটা স্পষ্ট যে, ফিলিস্তিনের অংশ গাজা থেকে যারা সশস্ত্র লড়াইয়ে নেতৃত্ব দিচ্ছেন, ইসরায়েল তাদের লক্ষ্য করেই হামলা পরিচালনা করছে।
তবে এ সম্পর্কে ইসরায়েলের সেনাবাহিনীর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোন মন্তব্য পাওয়া যায়নি।
হামাস জানিয়েছে, মোহাম্মদ আবু শাহমালা, রায়েদ আল-আত্তার এবং মোহাম্মদ বারহউম দক্ষিণাঞ্চলীয় রাফা শহরে একটি বাড়িতে ইসরায়েলি বোমা হামলায় নিহত হয়েছেন।
ইসরায়েলি সেনাবাহিনীর একজন নারী মুখপাত্র জানিয়েছেন, বৃহস্পতিবার গাজায় ২০ দফা হামলা চালানো হয়েছে। তবে তিনি বিস্তারিত আর কিছু জানাননি।
