ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে নারগিস আক্তার (২৯) নামে এক গৃহবধূকে জবাই করে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। নারগিস ওই উপজেলার ধর্মগড় ইউনিয়নের দেহট্টা গ্রামের আবু বক্করের স্ত্রী।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রচণ্ড বৃষ্টির কারণে ভ্যান চালক স্বামী আবু বক্করের বাড়ি ফিরতে দেরি হয়। বাড়ি এসে স্ত্রী নারগিসের রক্তাক্ত লাশ ঘরের মেঝেতে পড়ে থাকতে দেখেন। এ সময় তার দুই সন্তানকে ঘুমিয়ে থাকতে দেখেন। তার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে স্থানীয় থানায় খবর দেয়। রাত একটায় পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
রানীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডে জড়িতদের শনাক্ত করতে খতিয়ে দেখা হচ্ছে।
