রামগতিতে ধর্ষনের মামলায় ইউপি সদস্য গ্রেফতার

আপডেট : ২৪ আগস্ট ২০১৪, ১১:২৮
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আবদুল্যাহ ইউনিয়ন পরিষদের নির্বাচিত এক নারী মেম্বারকে অপহরণের পর ধর্ষনের মামলায় একই ইউনিয়নের সদস্য (মেম্বার) আবদুল খালেক মেম্বারকে পুলিশ গ্রেফতার করেছে। আজ শনিবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।


গত বৃহস্পতিবার রাতে উপজেলার দুর্গম ও বিচ্ছিন্ন চর গজারিয়া তেলির চর এলাকায় নিজ বাড়ি থেকে চর গজারিয়া ক্যাম্পের পুলিশ তাকে গ্রেফতার করে।

২০১১ সালে নভেম্বর মাসে রামদয়াল বাজার থেকে ওই নারী মেম্বারকে অপহরণ করে ধর্ষণ করে খালেক মেম্বার। এ ঘটনায় ওই মেম্বারের স্বামী নুরুল আমিন লিটন বাদী হয়ে খালেক মেম্বারসহ চার জনের বিরুদ্ধে থানায় মামলা করলে পুলিশ তিনজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দায়ের করে।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ পিপিএম জানান, মামলা দায়ের করার পর থেকে খালেক মেম্বার দীর্ঘদিন পলাতক ছিলেন। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

উল্লেখ্য, ২০১১ সালের ২৪ নভেম্বর সকালে সিএনজি চালিত অটো-রিক্সায় রামদয়াল বাজার থেকে উপজেলা সদর আলেকজান্ডার বাজার এলাকায় ইউনিয়ন পরিষদে এক সঙ্গে যাওয়ার পথে খালেক মেম্বার তার নাকে-মুখে একটি রুমাল চেপে ধরলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। ওই দিন রাতে জ্ঞান ফেরার পর ওই নারী সদস্য বুঝতে পারেন অজ্ঞাত স্থানে একটি আধা-পাকা ঘরে তিনি রয়েছেন। সেখানে চারদিন আটকে রেখে খালেক মেম্বার অস্ত্রের ভয় দেখিয়ে জোরপূর্বক তাকে বিভিন্ন সময়ে ধর্ষণ করেন। ২৭ নভেম্বর সন্ধ্যায় চট্রগ্রামের মিরসরাই উপজেলার নায়েরপুর কলঘর এলাকা থেকে মিরসরাই থানার পুলিশ ও পরিবারের লোকজন তাকে উদ্ধার করেন।