মেন্টাল নামের একটি চলচ্চিত্রে শাকিব খানের বিপরীতে অভিনয় করতে চুক্তিবদ্ধ হয়েছেন হালের জনপ্রিয় গায়িকা পড়শী। সোমবার মেন্টাল চলচ্চিত্রে অভিনয়ের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পড়শী। মেন্টাল পরিচালনা করবেন পরিচালক শামীম আহমেদ।
পড়শির চলচ্চিত্রে আসা এবং শাকিব খানের বিপরীতে অভিনয় প্রসঙ্গে শাকিব বলেন, ‘পড়শীর কয়েকটি মিউজিক ভিডিও আমার দেখা হয়েছে। মিউজিক ভিডিওতে তার পারফরম্যান্স আমাকে মুগ্ধ করেছে। আমার মনে হয়, সে যদি সিনেমায় নিয়মিত হয়, তাহলে অনেক ভালো করবে।’ শাকিবের সঙ্গে কাজ করতে চুক্তিবদ্ধ হওয়ায় পড়শীও অনেক আনন্দিত বলে জানিয়েছেন।
পরিচালক শামীম আহমেদের কাছ থেকে জানা গেছে মেন্টাল চলচ্চিত্রে পড়শী অভিনয় করছেন একজন জনপ্রিয় সংগীতশিল্পীর চরিত্রে। ছবিতে দেখা যাবে শাকিব খান তাঁর ভক্ত! শামীম বলেন, ‘গল্পের প্রয়োজনে ছবিতে পড়শীর মতো সুন্দর মুখশ্রীর একটি নতুন মুখের দরকার ছিল।’ জানা গেছে সামনের নভেম্বরে মেন্টাল ছবির কাজ শুরু হবে।
