মেডিকেল ভর্তি পরীক্ষায় সরকারের কর্তৃত্ব নিয়ে রিট

আপডেট : ২৭ আগস্ট ২০১৪, ১৩:৪০

সরকারি তত্ত্বাবধানে  এমবিবিএস ও বিডিএসে ভর্তি পরীক্ষা পরিচালনার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে একটি রিট আবেদন করা হয়েছে। একই সঙ্গে এ সংক্রান্ত একটি রুলেরও আবেদন জানানো হয়। আজ বুধবার আইনজীবী মো. ইউনুস আলী আকন্দ সংশ্লিষ্ট শাখায় এই আবেদন জমা দেন।
রিট আবেদনে বলা হয়, ২০১০ সালের মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল আইন অনুসারে এই পরীক্ষা নেয়ার কথা কাউন্সিলের, সরকারের নয়। একই বছরের জাতীয় শিক্ষানীতিতে এই পরীক্ষা বিশ্ববিদ্যালয়ের অধীনে নেয়ার কথা বলা হলেও সরকার কোনোদিকেই তা মানে না।
রুলে কোন কর্তৃত্ববলে সরকার এমবিবিএস ও বিডিএস পরীক্ষা পরিচালনা করে, তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি এই রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পরীক্ষা না নিতে আদালতের কাছে নির্দেশনা চাওয়া  হয়েছে।
রিটে স্বাস্থ্য সচিব, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক, পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন), বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল ও ঢাকা বিশ্ববিদ্যালয়কে রিট আবেদনে বিবাদী করা হয়েছে।