নেত্রকোনার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আব্দুল হামিদ হত্যার দায়ে আব্দুল হাকিম (৪২) নামের এক ব্যক্তিকে ১০ বছর সশ্রম কারাদণ্ড দিয়েছে। বড় ভাই জাফর আলীর বাদী হয়ে স্ত্রীকে হত্যার অভিযোগে করা মামলা ১৩ বছর বিচারাধীন থাকার পর আজ বুধবার আসাসির উপস্থিতিতে এ রায় দেয়া হয়।
আদালত সূত্রে জানা গেছে, জাফর আলী এবং আসামি আব্দুল হাকিম দুজনই পেশায় ভিক্ষুক। ২০০৩ সনের ১৯ জুলাই জাফর আলী ভিক্ষা উদ্দেশ্যে ঘর থেকে বেড়িয়ে গেলে তারই স্ত্রী পারভীন দেবর আব্দুল হাকিমের সন্তানকে মারপিট করে। এতে ক্ষুব্ধ হয়ে আব্দুল হাকিম কুড়ালের ‘ঘাড়া’ দিয়ে ভাবী পারভিনের মাথায় আঘাত করলে পারভিন নিকটবর্তী পুকুরে ঝাঁপ দেয়। এ সময় পরিবারের অন্য সদস্যরা পারভিনকে পুকুর থেকে উদ্ধার করে প্রথমে কলমাকান্দা হাসপাতালে যায়। কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে গুরুতর অবস্থায় তাকে ময়মনসিংহ হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পারভিন মারা যান।
ঘটনার চারদিন পর কলমাকান্দা থানায় স্ত্রী পারভিনকে হত্যার দায়ে বড়ভাই জাফর আলী ছোট ভাই আব্দুল হাকিমের বিরুদ্ধে হত্যা মামলা করে। পুলিশ তদন্ত শেষে হাকিমের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করলে বিজ্ঞ বিচারক উভয় পক্ষের সাক্ষ্য প্রমাণাদি গ্রহণ করে বুধবার এ রায় প্রদান করেন। সরকার পক্ষে মামলাটি পরিচালনা করেন অতিরিক্ত পিপি এডভোকেট মো. আজম খান এবং আসামি পক্ষে ছিলেন এডভোকেট দিলোয়ারা বেগম।
