মুক্তি পেলেন ৩০০ খুনের পোপেই

আপডেট : ২৭ আগস্ট ২০১৪, ১৪:২৪

কলম্বিয়ার একজন কুখ্যাত ভাড়াটে খুনিকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। জন জাইরো ভেলাসকুইজ ওরফে পোপেইকে মঙ্গলবার কারাগার থেকে মুক্তি দেয়া হয়েছে। ৩০ বছরের কারদণ্ডপ্রাপ্ত পোপেই ২২ বছর কারাভোগ করার পর মঙ্গলবার তাকে মুক্তি দেয়া হয়। খবর: বিবিসির।
পোপেই ৩০০ মানুষকে খুন করার কথা স্বীকার করেছেন। এছাড়া ১৯৮০ থেকে ১৯৯০ সালের মধ্যে সংঘটিত তিন হাজার খুনের পেছনে তার পরোক্ষ ভূমিকা থাকার অভিযোগ রয়েছে।
৫২ বছর বয়সী পোপেই কলম্বিয়ার উচ্চ নিরাপত্তার কারাগার থেকে চার বছরের প্রবেশন পিরিয়ডে মুক্তি পান। মুক্তির পর কড়া পুলিশি পাহারার মধ্যে তিনি কারাগার ছাড়েন।
বোগোটা থেকে বিবিসির  সংবাদদাতা জানিয়েছে, পোপেইয়ের মুক্তি নিয়ে সেখানকার  মানুষের মধ্যে বিভক্ততা সৃষ্টি হয়েছে। ভুক্তভোগীরা বলছেন, পোপেই তার অপরাধের জন্য উপযুক্ত সাজা পায়নি। তবে অন্যপক্ষ বলছে, দুই দশক কারাগারে থাকার পর তাকে দ্বিতীয় বার সুযোগ দেয়া উচিত।
১৯৮৯ সালে প্রেসিডেন্ট পদপ্রার্থী লুইস কার্লোস গালানকে হত্যার দায়ে দোষী সাব্যস্ত হন। তবে পরে তিনি রাজসাক্ষী হিসেবে জানান, বিচারমন্ত্রী আলবার্তো সান্তোফিমিওর নির্দেশনায় তাকে হত্যা করা হয়েছিল।